• নাম ঘোষণার ১০ দিন পরও প্রচারে বেরতে পারছেন না বিজেপি প্রার্থী!
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপির বিড়ম্বনা চরমে! নাম ঘোষণা হয়ে গেলেও প্রচারে বেরতে পারছেন না বিষ্ণুপুর কেন্দ্রের পদ্ম-প্রার্থী বিশ্বজিৎ খাঁ। কারণ, বিষ্ণুপুর বিধানসভা তফসিলি জাতি সংরক্ষিত আসন। কিন্তু সেখানে বিজেপি জেনারেল ক্যাটিগরির প্রার্থী দিয়েছে। তারপর কেটে গিয়েছে ১০ দিন। এখনও নতুন নাম ঘোষণা হয়নি।  ফলে প্রার্থী হয়েও নিরুপায় তিনি। এদিকে, দিন কয়েক আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বৈঠকে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎবাবু। ভোটের কাজকর্ম নিয়ে নানা পরামর্শ দেওয়া হয়। সেসব শুনে এলেও তা কার্যকর করতে পারছেন না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার কর্মীদের একাংশের দাবি, তাঁরা রীতিমতো হতাশ। সব জায়গায় যখন প্রচার চলছে পুরোদমে, তখন বিষ্ণুপুর কেন্দ্রে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের। প্রার্থী বলেন, ‘পুরো বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি। বিড়ম্বনা তো অবশ্যই। দল নিশ্চয় নতুন প্রার্থী ঘোষণা করবে।’ বিজেপি সাংগঠনিক জেলার এগজিকিউটিভ কমিটির সদস্য সুফল ঘাটুর বক্তব্য, ‘আমরা প্রস্তুত আছি। বিভিন্ন কমিটি নির্বাচনি প্রস্তুতির কাজ করছে। প্রার্থীর নাম ঘোষণা হলেই সবাই ঝাঁপিয়ে পড়বে।’

    এই কেন্দ্রে খাতায়কলমে তিন দলই প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু প্রার্থী ঘোষণার পরও এরকম একটি সমস্যায় প্রচারে নামতে না পারার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সাতগাছিয়ার বাসিন্দা বিশ্বজিৎবাবু এখন আদৌ মনোনয়ন জমা দিতে পারবেন কি না, তা নিয়ে ফাঁপরে পড়েছেন। তাও বিজেপি এই আসনে নতুন নাম ঘোষণা করতে কেন গড়িমসি করছে, তা নিয়েই প্রশ্ন উঠছে। এক বিজেপি নেতার কথায়, ‘ভোট ঘোষণার পর দুই সপ্তাহ অতিক্রান্ত। এখন কবে নতুন প্রার্থী দেবে, তিনি কর্মী সমর্থকদের সঙ্গে পরিচিত হবেন, তারপর প্রচার শুরু করতে করতে আরও কিছুদিন বেরিয়ে যাবে। মানুষের মধ্যে কতটা প্রভাব পড়বে, সেটা বলা মুশকিল।’ তৃণমূল যথারীতি বিজেপির এই হাল দেখে কটাক্ষ করছে। এলাকার মানুষের মধ্যেও প্রশ্ন, এই কেন্দ্রে কি বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না?
  • Link to this news (বর্তমান)