• কাঁচরাপাড়ার পাঁচটি ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত, চলছে মেরামত
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচড়াপাড়া পুরসভা বেশ কয়েকটি ওয়ার্ডের জল সমস্যা দেখা দিয়েছে। অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এই সমস্যা মূলত প্রযুক্তিগত। সঙ্গে পাইপ লাইনেও ফাটল দেখা দিয়েছে।      

    কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী কেএমডিএ-র জল বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতির কাজ শুরু করেছে কেএমডিএ। ভোটের মুখে কাঁচরাপাড়া পুরসভার ৪, ৫, ৬ ৭, ৮ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দেওয়ায় যাতে ইস্যু তৈরি না হয় তার জন্য তৎপরতা শুরু হয়ে গিয়েছে। কমল অধিকারী বলেন, একটা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। আমরা দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করেছি। কেএমডিএ এবং পুরসভার ইঞ্জিনিয়াররা একসঙ্গে কাজ করছেন। আশা করছি, আজকালের মধ্যে সমস্যা মিটে যাবে। জলের অভাব যেখানে দেখা দিচ্ছে সেখানে ট্যাঙ্কার পাঠিয়ে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, পুরসভার প্রায় ৭০ শতাংশ জমি রেলের অধীনে। সেখানে বসবাসকারী মানুষ পুরসভাকে ট্যাক্স দেয় না, অথচ পুরসভা সব রকম নাগরিক পরিষেবা তাদের দিচ্ছে। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান বলেন, নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা ‘আমরা ওরা’ করিনি। পুরসভার জমিতে যারা বসবাস করেন যে ধরনের পরিষেবা পান, রেলের জমিতে যারা বসবাস করেন তাদের একই রকম পরিষেবা দেওয়া হয়। পানীয় জল, আলো, রাস্তাঘাট, জঞ্জাল সাফাই সবই করে দেওয়া হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)