সিভিকদের রাখা যাবে না ভোটের ডিউটিতে, নির্দেশিকা কমিশনের
বর্তমান | ২৯ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ারদের রাখা যাবে না। নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় রাজ্যের সব জেলার এসপি এবং পুলিশ কমিশনারদের জানানো হয়েছে, ভোটের ডিউটিতে কোনো অবস্থাতে সিভিকদের রাখা যাবে না। যদি দেখা যায়, ভোটের সময় কোনো রাজনৈতিক দলের হয়ে সিভিকরা কাজ করছেন, তবে তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে।
কমিশনের এই নির্দেশিকা হাতে আসার পর কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের বিভিন্ন কমিশনারেট ছাড়াও জেলায় তৎপরতা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, কলকাতার ডিসি (হোমগার্ড) নির্বাচন কমিশনের নির্দেশিকাকে সামনে রেখে শনিবার কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডিসি এবং ইউনিটের কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের কাজে সিভিকদের রাখা যাবে না।
উল্লেখ্য, অতি সম্প্রতি ভোটের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের সব জেলার ডিএম, এসপি এবং কলকাতার সিপির সঙ্গে কমিশনের এক বৈঠকে এবিষয়ে আলোচনা হয়। তারপরই এই সংক্রান্ত ১৩ দফা লিখিত নির্দেশিকা জারি করেছে কমিশন।
পাশাপাশি, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের স্বার্থে নির্বাচন কমিশন এই নির্দেশিকায় রাজ্যের সব জেলার ডিএম, এসপিদের থানার ওসি এবং রিটানিং অফিসারদের একটি রিজার্ভ তালিকা তৈরি রাখতে বলেছে। বর্তমান থানার ওসি এবং রিটানিং অফিসারদের বদলি করা হলে, যাতে দ্রুত নতুন অফিসারকে ওই পদে নিয়োগ করা যায়।
এছাড়াও জেলার এসপি, ডিএমদের কমিশন সতর্ক করে বলেছে, যদি অবসরপ্রাপ্ত কোনও পুলিশ অফিসার বা সিভিল অফিসার নির্বাচন সংক্রান্ত কোনও কাজে এখনও যুক্ত থাকেন, তবে অবিলম্বে তাঁদের ওই পদ থেকে সরিয়ে দিতে হবে।