• দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও বাদ বহু মতুয়া, বনগাঁয় ক্ষোভ
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: এসআইআরের প্রথম তালিকায় বাদ গিয়েছে হাজার হাজার মতুয়াদের নাম। বিচারাধীন বহু। তাঁদের একটাই আশা ছিল সাপ্লিমেন্টারি তালিকা। এবার সেই তালিকা থেকেও বাদ মতুয়ারা। প্রথম সাপ্লিমেন্টারি তালিকার পর দ্বিতীয় তালিকাতেও ঠাঁই হল না বহু মতুয়ার। বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ১৮৬ জনের নাম বিচারধীন ছিল। শুক্রবার যে তালিকা প্রকাশ হয়েছে তাতে ১৮৪ জনের ভোট মিমাংসা হয়েছে। দুই জনের ভোট এখনও বিচারধীন রয়েছে। তবে  ১৮৪ জনের যে তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে ১৮৩  জনের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। এদের মধ্যে অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের বাসিন্দা। ভোট বাদ যাওয়ায় উৎকাণ্ঠায় তাঁরা। ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে চিন্তায় মতুয়া সম্প্রদায়ের মানুষ। স্থানীয় বাসিন্দা, তরুণ সরকার বলেন, বাড়িতে ৮ জন সদস্য। একজনের নাম আছে বাকি সকলের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। তিনি আরও বলেন, আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ। শান্তনু ঠাকুর বলেছিলেন একজন হিন্দুরও নাম বাদ যাবে না। তাহলে আমাদের নাম কেনো বাদ গেল।

    নাম বাদ যাওয়া বাসিন্দাদের দাবি অনেকের এদেশে আসার বর্ডার স্লিপ রয়েছে। ১৯৮৮ সালের ভোটার তালিকায় রয়েছে। সমস্ত কিছু দেখানোর পরেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। বাসিন্দাদের দাবি সকলকেই নাগরিকত্ব দিতে হবে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ গিয়েছে বাগদার বহু বাসিন্দার। এদের সকলেই বিচারাধীন ছিলেন। যা নিয়ে কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন কেউ কেউ।
  • Link to this news (বর্তমান)