ভবানীপুরে প্রচারে চমক তৃণমূলের ‘মমতা’র সঙ্গে ছবি তুলতে ফটো কর্নার
বর্তমান | ২৯ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। জননেত্রী। ভবানীপুরের ‘ঘরের মেয়ে’। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তিনি। এবার সহজইে মিলবে ‘মমতা’র সঙ্গে ছবি তোলার সুযোগ! তার জন্য তৈরি করা হয়েছে অভিনব ‘ফটো কর্নার’ বা ‘ফটো বুথ’। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট সম্বলিত ফটোফ্রেমের সঙ্গে ছবি বা সেলফি তুলতে পারবেন যে কেউ।
বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে এবার নজরকাড়া লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতার দ্বৈরথ। উচ্চগ্রামের এই লড়াইয়ে অভিনব প্রচারের চমক এনেছে তৃণমূল। শনিবার সকাল থেকেই এসব বুথ বা কর্নারে ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছে। সূত্রের খবর, আপাতত মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে, সেই ৭৩ নম্বর ওয়ার্ডের মুক্তদল মোড়ে তৃণমূলের কার্যালয়ের সামনে করা হয়েছে ‘ফটো কর্নার’। শুক্রবার রাতে সেখানে এটি বসানো হয়। লম্বাটে ‘ফটো বুথ’-এর ডান পাশে মুখ্যমন্ত্রীর প্রমাণ সাইজের কাট আউট। পাশে চতুর্ভুজ আকৃতির বড় অংশ খালি রাখা হয়েছে। সেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। ‘ফটো বুথ’-এর একদম শীর্ষে মাঝামাঝি অংশে রয়েছে জোড়াফুল প্রতীক। সঙ্গে লেখা, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভবানীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার মূল্যবান ভোট দিন।’ বুথের বাঁ-পাশের অংশে লেখা ‘জয় বাংলা’। নীচে লেখা, ‘উন্নয়নের পথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবাই মিলে ছবি তুলুন, বাংলার কথা বলুন।’ আগামী কয়েক দিনের মধ্যে ভবানীপুর বিধানসভা এলাকার আটটি ওয়ার্ডেই এই ধরনের ‘ফোটো বুথ’ করা হতে পারে বলে দক্ষিণ কলকাতা তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
অনেকে এই বুথকে ‘সেলফি কর্নার’ও বলছেন। আজকাল সাধারণত এই ধরনের উদ্যোগ কোনো বড় ইভেন্ট কিংবা বিয়েবাড়ি সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে। সেখানেও ছবি বা সেলফি তোলার হিড়িক পড়ে যায়। সেটাই এবার ভবানীপুরে তৃণমূলের প্রচার চমক হয়ে উঠেছে। ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুক্রবার রাতেই ফোটো কর্নার বসানো হয়েছে। দলীয় কর্মী-সমর্থকরা তো বটেই, অনেক পথচলতি মানুষও দাঁড়িয়ে পড়ছেন, ছবি তুলছেন। আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। অনেকে ফোটো কর্নার দেখে গাড়ি থেকে নেমেও ছবি তুলছেন।’ তাঁর ওয়ার্ডে এমন আরও ‘ফটো বুথ’ বসানোর কথা ভাবছেন কাজরীদেবী। অন্যান্য ওয়ার্ডও এটা করবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে ভবানীপুর চেনা মাঠ হলেও এবারের লড়াই হালকাভাবে নিচ্ছে না ঘাসফুল শিবির। এসআইআরে ভবানীপুরের ভোটার তালিকা থেকে প্রায় ৪৭ হাজার নাম বাদ গিয়েছে। আরও ১৪ হাজার ভোটারের ভবিষ্যৎ ‘বিচারাধীন’। এই আবহে সম্প্রতি মমতা নিজে একটি কর্মসূচিতে বলেছেন, ‘এক ভোটে হলেও আমি ভবানীপুর থেকে জিতব।’ সম্প্রতি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের কর্মী সম্মেলন করেন। সেখানে অভিষেক ভবানীপুরে ৫০ হাজার ভোটে জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন। ভবানীপুরের ভোট পরিচালনায় দায়িত্বে রাখা হয়েছে অভিজ্ঞ নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং প্রবীণ নেতা সুব্রত বক্সীকে। এখনো নিজের বন্দর বিধানসভা কেন্দ্রে তুলনামূলক কম সময় দিচ্ছেন ফিরহাদ। তাঁর ৮২ নম্বর ওয়ার্ড ভবানীপুর বিধানসভার অন্তর্গত। সেখানেই রোজ জনসংযোগে বেরচ্ছেন কলকাতার মেয়র। দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে কাউন্সিলারদের মধ্যেও। সেই সঙ্গে ‘ফটো বুথ’-এর মতো অভিনব পন্থায় বিজেপি সহ বিরোধীদের বাজিমাত করতে চাইছে রাজ্যের শাসক দল।