• সুনীল সিং কি ফের বিজেপিতে, জল্পনা
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার রাতে গারুলিয়ায় রামনবমীর মিছিলে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে দেখা যায় তৃণমূল নেতা সুনীল সিংকে। পাশাপাশি থেকে দুজন একসঙ্গে রামনবমীর মিছিলে বেশ খানিকটা পথও হাঁটলেন। এহেন ছবি প্রকাশ্যে আসতেই বিধানসভা ভোটের আগে আবার সুনীলের বিজেপিতে যাওয়ার জল্পনা ছড়িয়েছে। যা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে নোয়াপাড়ার রাজনীতিতে।

    গারুলিয়া বিধানসভায় তৃণমূলের বিধায়ক ছিলেন সুনীল সিং। গারুলিয়া পুরসভায় দীর্ঘদিন চেয়ারম্যানের পদ সামলেছেন। পরে বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালের ভোটে নোয়াপাড়া থেকে বিজেপির প্রার্থী হয়ে হেরে যান। ২০২২ সালে তিনি তৃণমূলে ফিরলেও দলে সেভাবে সক্রিয় হয়ে তাঁকে কাজ করতে দেখা যায়নি। সেই সুনীল শুক্রবার রামনবমীর মিছিলে  হাঁটতে দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে, নোয়াপাড়া কেন্দ্রে কি তাহলে সমীকরণ বদলাচ্ছে? জল্পনা আরও উসকে দিয়েছে সুনীলের মন্তব্যে। 

    শনিবার সুনীল সিং বলেন, ‘আমি তৃণমূলে ওয়েটিং লিস্টে আছি। এখনও টিকিট কনফার্ম হয়নি। কোথাও তো টিকিট কনফার্ম করতে হবে। বেশিদিন তো ওয়েটিং লিস্টে থাকা যায় না।’ মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ২৫ বছর ধরে এই মিছিল হয়ে আসছে। উদ্যোক্তারা আমন্ত্রণ জানিয়েছিল, তাই গিয়েছিলাম। সেখানে অর্জুন সিংও ছিলেন। সৌজন্যমূলক কথা হয়েছে। রাজনীতির কথা হয়নি। 

    যদিও তৃণমূল সুনীলকে নিয়ে চিন্তিত নয়। তৃণমূল নেতাদের মতে, বারবার দল বদলানোর ইতিহাস রয়েছে সুনীল সিংয়ের। ফলে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। যদিও নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য হালকা হেসে বলেন, ‘উনি কি বলেছেন আমার জানা নেই। তবে স্থানীয় স্তরে আমি খোঁজ নিয়ে দেখব।’ সাংসদ পার্থ ভৌমিক বলেন, সুনীল নোয়াপাড়া বিধানসভায় নির্বাচন কমিটিতে নেই। আমি কথা বলব। 
  • Link to this news (বর্তমান)