• কারখানা থেকে নির্গত গ্যাসে অসুস্থ বহু, প্রতিবাদে পাঁচলায় পথ অবরোধ
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া : এলাকায় থাকা কারখানা থেকে নির্গত দূষিত গ্যাসে অসুস্থ হয়ে পড়ছে এলাকার মানুষ। যদিও কারখানা কর্তৃপক্ষ এই ব্যাপারে পদক্ষেপ করছে না। অবিলম্বে কারখানা বন্ধ করতে হবে। এই দাবিতে শনিবার ক্ষুব্ধ গ্রামবাসী কারখানার গেটের সামানের পাশাপাশি ১৬ নম্বর জাতীয় সড়কে পাঁচলা থানার কুলাইয়ের কাছে সার্ভিস রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত হয়। স্থানীয় সূত্রে খবর, বেলডুবি গ্রাম পঞ্চায়েতের কুলাই গ্রামে দীর্ঘদিন ধরে একটি স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে। মাস খানেক আগে এই কারখানা সম্প্রসারণ হয়। অভিযোগ, এরপর এই কারখানা থেকে নির্গত দূষিত গ্যাসে অসুস্থ হতে শুরু করেন একের পর এক গ্রামবাসী। এমনকি শুক্রবারও ১০ জন অসুস্থ গ্রামবাসীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভরতি পর্যন্ত করাতে হয়। শনিবার ক্ষুব্ধ গ্রামবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। 

    স্থানীয় বাসিন্দা প্রতিবাদী সৌরভ জানান, এই কারখানা থেকে নির্গত দূষিত গ্যাসে স্থানীয় বেলডুবি ও কুলাই গ্রামের বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। তিনি জানান, দূষিত গ্যাস বাতাসের থেকে ভারী হওয়ায় উপরে না উঠে নীচে নেমে আসছে। গ্যাসে এলাকার মানুষের বুক জ্বালা, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা, বমি সহ বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। সৌরভ জানান, কারখানা সম্প্রসারণের সময় কারখানা কর্তৃপক্ষ আমাদের বলেছিল, ওখানে গুদাম তৈরি করা হবে। কিন্তু তার পরিবর্তে উৎপাদন হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, আগে কারখানায় উৎপাদন হলেও এই সমস্যা হয়নি। কিন্তু এখন নতুন বিভাগ চালু হওয়ার পর এই বিপত্তি। সমস্যাটি প্রশাসনের বিভিন্ন দপ্তরে এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেও অভিযোগ জানানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ আগামী বুধবার এই নিয়ে আলোচনায় বসার পাশাপাশি তার আগে ওই বিভাগ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানায় সৌরভ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে একবার বিক্ষোভ হওয়ায় কারখানা কর্তৃপক্ষ ওই বিভাগ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে পুনরায় কারখানার ওই বিভাগ চালু করা হয়। সেই কারণে ফের রাস্তায় নেমে অবরোধ। এই বিষয়ে পাঁচলা বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ফরিদ মোল্লা জানিয়েছেন, এই সমস্যা দীর্ঘদিনের। সাধারণ মানুষের স্বার্থে আমিও চাই দ্রত সমস্যাটির সমাধান হোক। -নিজস্ব চিত্র  
  • Link to this news (বর্তমান)