নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ওই তালিকায় দেখা গিয়েছে, খড়দহ বিধানসভার পাতুলিয়া পঞ্চায়েতের ১৪৭ এবং ১৬২ নম্বর বুথে ১৬৫ জন ভোটারের নাম বাদ পড়েছে। এই কারণে প্রবল আতঙ্কে ভুগছে ওই ভোটাররা। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বাচন কমিশনের ভুল কাজের জন্য এই ধরনের ঘটনা ঘটছে। তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে আদৌ ভোট দিতে পারবেন কি না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়িয়েছেন খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত। প্রার্থী বলেন, ‘আসলে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি নাম বাদ দেওয়ার একটা নগ্ন খেলায় মেতেছে।’ তিনি কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে জানান, ভোটারদের নাম তোলার জন্য যাবতীয় আইনি সহায়তা দেবেন। নাম বাদ যাওয়া ভোটার মহম্মদ শাকিলের অভিযোগ, ‘১৪৭ পার্টে ১০৮ জনের নাম বিচারাধীন ছিল। কিন্তু মাত্র ১৩ জনের নাম উঠেছে তালিকায়। বাকিদের নাম বাদ। এটা কিভাবে হয়। আমাদের অযথা হয়রান করা হচ্ছে। আমাদের সমস্ত কাগজপত্র আছে। সেগুলি জমাও দিয়েছি। কিন্তু নামের বানানে সামান্য ভুল ছিল। এর জন্য কেন নাম পুরোপুরি বাদ দেওয়া হল তা বুঝতে পারছি না। আমরা দীর্ঘদিন বসবাস করছি। আতঙ্কে রয়েছি।’