• দিনভর শহরে প্রচার, পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ কর্মসূচি বিজেপি-তৃণমূলের
    বর্তমান | ২৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহান্তের প্রচারে সরগরম শহর কলকাতা। এখন প্রচারের শুরুর দিকে, প্রার্থীরা বাড়ি বাড়ি জনসংযোগেই বেশি মন দিচ্ছেন। উত্তর থেকে দক্ষিণ, কিংবা মধ্য কলকাতা, তৃণমূল থেকে বাম অথবা বিজেপি– এই কাজে খামতি রাখতে চান না কোনো প্রার্থীই।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে শনিবার চেতলা এলাকায় প্রচার করেন ফিরহাদ হাকিম। সকালে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার গোবিন্দপুর এলাকায় প্রচার সারেন। জোড়াসাঁকো কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয় ওঝা কলেজ স্ট্রিটের পিছন দিক থেকে প্রচারে বের হন। জোড়াসাঁকো কেন্দ্রেরই সিপিএম প্রার্থী ভরত রাম তিওয়ারি কলেজ স্কোয়ার থেকে বেকারি বিরোধী মিছিলে পা মেলান। মিছিলে যোগ দেন অভিনেতা বাদশা মৈত্র, প্রবীণ সিপিএম নেতা রবীন দেব প্রমুখ। মিছিলের হাঁটতে হাঁটতেই জনসংযোগও করেন তিনি। 

    রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত দু’বেলাই প্রচারে ছিলেন। সকালে মনোহরপুকুর রোড ও বিকেলে ৮১ নম্বর ওয়ার্ডে। বেহালা পশ্চিম কেন্দ্রের সিপিএম প্রার্থী নিহার ভক্ত সখের বাজার থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলে হাঁটেন। কসবার সিপিএম প্রার্থী দীপু দাস বিকেলে দিলীপ স্মৃতি ক্লাব থেকে জনসংযোগে বের হন। ভবানীপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস সকালে বকুলবাগান ও বিকেলে ৭১ নম্বর ওয়ার্ডে প্রচার চালান। 

    আবার বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম এদিন ভোরবেলা থেকেই প্রচারে নেমে পড়েন। পার্ক সার্কাস ময়দানে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপ করেন। সন্ধ্যায় তিনি হাজরা রোড থেকে মিছিল করেন। যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায় এদিন বিকালে হালতুর রামলাল বাজার এলাকায় প্রচার করেন। টালিগঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস এদিন রাতে রানিকুঠী চত্বরে প্রচার সারেন।
  • Link to this news (বর্তমান)