এই সময়, নোয়াপাড়া: নোয়াপাড়ার তৃণমূল নেতা সুনীল সিং বিজেপিতে যোগ দিতে পারেন বলে কানাঘুষা শোনা যাচ্ছিল। দল তাঁকে ঠিকমতো ব্যবহার করছে না বলে কয়েক মাস আগে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন। তখন থেকেই সুনীল সিংয়ের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। তারই মধ্যে উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় নোয়াপাড়ার বিজেপি প্রার্থী তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে রামনবমীর মিছিলে হাঁটতে দেখা গেল সুনীল সিংকে।
দু'জনকে একান্তে কথা বলতেও দেখা যায়। অর্জুনের পা ছুঁয়ে প্রণামও করেন। শুক্রবার সেই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।
গারুলিয়া পুরসভায় দীর্ঘদিন পুরপ্রধানের দায়িত্ব সামলেছেন সুনীল। মাঝে একবার উপনির্বাচনে জিতে তৃণমূলের বিধায়কও হয়েছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। ২০২১-এর বিধানসভা ভোটে নোয়াপাড়া থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। পরে ২০২২-এ ফের তিনি তৃণমূলে যোগ দেন। কিন্তু তারপর থেকে তাঁকে সক্রিয়ভাবে দলের কাজে নামতে দেখা যায়নি। আচমকা তাঁকে রামনবমীর মিছিলে অর্জুন সিংয়ের সঙ্গে হাঁটতে দেখে রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনবমী উপলক্ষে গারুলিয়ায় ওই মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শুরু হয় গারুলিয়া বাজার থেকে। পিনকল মোড় হয়ে ফের গারুলিয়া বাজারে এসে শেষ হয়। ওই মিছিলে অর্জুন ও সুনীলকে একসঙ্গে হটিতে দেখে অনেকের মনে প্রশ্ন জাগছে, তবে কি আসন্ন বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে? সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন সুনীল নিজেই।
শনিবার তিনি বলেন, 'আমি তৃণমূলে ওয়েটিং লিস্টে আছি। এখনও টিকিট কনফার্ম হয়নি। কোথাও তো টিকিট কনফার্ম করতে হবে। বেশিদিন তো ওয়েটিং লিস্টে থাকা যায় না।' সেই সঙ্গে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, 'টিকিট কাটা আছে, দেখি কোথায় কনফার্ম হয়।' তাঁর এই কথা শুনে অনেকেই আশঙ্কা করছেন, তবে কি সুনীলের বিজেপিতে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা?