• রবিবার রাজ্যের কোথায় কোথায় বৃষ্টি, কবে নাগাদ ফের ধাক্কা দেবে কালবৈশাখী?
    আজ তক | ২৯ মার্চ ২০২৬
  • রাজ্যে আবহাওয়ার ভোলবদল ঘটে গিয়েছে। শীত বিদায়ের পর বসন্তের খামখেয়ালিপনা এখন স্পষ্ট। প্রায় বেশিরভাগ দিনই রাজ্যের বিভিন্ন জায়গায় কখনও দাপট দেখাচ্ছে কালবৈশাখী। আবার কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি গরমের মধ্যে স্বস্তি আনছে। তবে রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে বুঝে নেওয়া যাক।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

    শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩° সেলসিয়াস-এর আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় (২৭ মার্চ রাত ৮টা ৩০ থেকে ২৮ মার্চ রাত ৮টা ৩০ পর্যন্ত) কলকাতায় ১০.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের পূর্বাভাস অনুযায়ী, শহরে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আর্দ্রতা বেশি থাকায় গরম কিছুটা অস্বস্তিকর অনুভূত হতে পারে।

    আজ রাজ্যে কোথায় বৃষ্টির সম্ভাবনা?

    উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত-সহ হাওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

    অন্যদিকে, আজ দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। তবে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। 

    কালবৈশাখী কবে আসতে পারে?

    কালবৈশাখী আচমকাই আসে। সাধারণত বিকেলের পরই এই ঝড়ের দাপট দেখা যায়। তবে রবিবার বিক্ষিপ্ত ভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া এই ছয় জেলায়। অন্যদিকে, হাওয়া অফিস সূত্রে দাবি, রাজ্যে কালবৈশাখীর পরবর্তী স্পেল আসছে ৩১ মার্চে। আগামী সপ্তাহের শুরু থেকে বাড়তে চলেছে গরমও।


     
  • Link to this news (আজ তক)