তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা অভিনেতা-রাজনীতিক বিজয়ের। তিনি জানিয়েছেন, আসন্ন ভোটে তিনি দুই কেন্দ্র থেকে লড়বেন। চেন্নাইয়ের পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি ইস্ট— এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার।
রবিবার দলের প্রার্থীতালিকা ঘোষণা করতে গিয়েই এই কথা জানান তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রধান। তিনি বলেন, ‘এই দুই কেন্দ্র থেকেই সি জোসেফ বিজয় প্রার্থী হবেন।’
দলের বৈঠকে তিনি অন্য আসনের প্রার্থীদের নামও ঘোষণা করেন। তালিকায় রয়েছেন তাঁর ঘনিষ্ঠ দলের সদস্যরা। টিভিকে-র তরফে এন আনন্দ, আধভ অর্জুন, আর অরুণরাজ, সিটিআর নির্মল কুমার এবং কে এ শেঙ্গোত্তাইয়নকে প্রার্থী করা হয়েছে।
ভোটারদের উদ্দেশে বিজয় বলেন, ‘আমাদের একবার সুযোগ দিন। হুইসেল চিহ্নে ভোট দিন। এটি হুইসেল বিপ্লবের নির্বাচন।’ তিনি আরও জানান, ভোটারদের উচিত তাঁকে এবং তাঁর দলের অন্য প্রার্থীদের আলাদা করে না দেখা। এ নিয়ে বিজয়ের বার্তা, ‘আমরা সবাই এক। সবাইকে সমান ভাবে দেখুন।’
আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে এক দফায় ভোটগ্রহণ হবে। এই নির্বাচন শাসক ডিএমকে-র সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এআইএডিএমকে এবং বিজেপি জোট ফের ক্ষমতায় ফিরতে চাইছে। পাশাপাশি বিজয়ের টিভিকে প্রথমবার নির্বাচনে লড়ে বড় প্রভাব ফেলতে চাইছে।
এ ছাড়াও এস রামদোসের পিএমকে এবং প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলার দলের জোট চতুর্থ ফ্রন্ট গড়েছে। ফলে তামিলনাড়ুতে এ বার চতুর্মুখী লড়াই হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।