এই সময়, আউশগ্রাম: ভোটার তালিকার সংশোধনকে ঘিরে উত্তেজনা বাড়ছে আউশগ্রাম-২ ব্লকে। সাপ্লিমেন্টারি তালিকায় একের পর এক নাম বাদ পড়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ‘বিচারাধীন’ বলে চিহ্নিত করে সরাসরি বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আউশগ্রামের রামনগর অঞ্চলের উপপ্রধান জিয়াউল হক জানান, তাঁর নিজের নামই সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে, যদিও তাঁর স্ত্রীর নাম তালিকায় রয়েছে। তিনি বলেন, ‘পরিকল্পিত ভাবে হয়রান করা হচ্ছে।’
আউশগ্রাম-২ ব্লকের রামনগর অঞ্চলে ২৪টি বুথ রয়েছে। সেখানে ভোটার তালিকায় নতুন নাম যুক্ত হওয়ার তুলনায় অনেক বেশি নাম বাদ পড়েছে। গোটা অঞ্চলে প্রায় ১৩০০ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। পুবার গ্রামের চারটি বুথে ২২৯ জনের নাম যুক্ত হলেও ৬৮৭ জনের নাম বাদ পড়েছে। এ ছাড়া ছোড়া কলোনিতে প্রায় ২০০ জন এবং দেরীপুর গ্রামে ১৮৬ জনের নাম বাদ পড়েছে।
স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল বলেছেন, ‘আমার স্ত্রী ও ছেলের নাম নেই। শুনানিতে সব নথি দেখিয়েও কোনও লাভ হয়নি।’ আরও এক বাসিন্দা সুহাবুদ্দিন শেখও অভিযোগ করেছেন, তাঁর মেয়ের নাম তালিকায় উঠলেও স্ত্রী ও ছেলের নাম বাদ দেওয়া হয়েছে। আউশগ্রাম-২ ব্লকের তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। তবে তিনি আশ্বাস দিয়েছেন, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা নাম বাদ পড়ার কারণ জানার জন্য স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।