রাজ্যের আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শহরে ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়। উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড় হয়। তবে, আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। ঝড়-বৃষ্টির পরিমাণ কমে গিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই গরমের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে।
ঝড়-বৃষ্টির কারণে শহরে তাপমাত্রা কয়েকদিন কিছুটা কম ছিল। শহর জুড়ে মনোরম বসন্তের পরিবেশ তৈরি হয়েছিল। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে, আগামী কয়েকদিনের মধ্যেই এই পারদ বেশ কিছুটা চড়বে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে রবিবার আংশিক মেঘলা আকাশ থাকলেও আগামী দু’এক দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। তবে, এপ্রিলের প্রথম দিন থেকেই বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে কলকাতায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির আশেপাশে পৌঁছতে পারে।
উত্তরবঙ্গে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।
কলকাতায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা বাড়বে। আগামী এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।