এ বার একসঙ্গে ৮৩ জন BDO ও ARO-কে বদলি করল নির্বাচন কমিশন। দিনহাটা-২ থেকে ডায়মন্ড হারবার-১, ডায়মন্ড হারবার-২, রামনগর, নন্দীগ্রাম-১ ও ২, নানুর, লাভপুর, সিউড়ি-১, মহম্মদবাজার, ইলামবাজার, ময়ূরেশ্বর-১র মতো ব্লক রয়েছে তালিকায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ১৮ জেলায় এই বদল হয়েছে।
কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম রয়েছে তালিকায়।
রবিবার সকালে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়। এক ঝাঁক অফিসার বদলের নির্দেশ আসে। ভোটের মুখে বার বার এই বদল নিয়ে সংঘাত বাড়ছে রাজ্য ও দিল্লির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার দাবি করেছেন, এই অফিসার বদল আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অন্যদিকে শনিবার কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আধিকারিক বদল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহ বলেন, ‘দেশে যেখানেই ভোট হয়, যে আধিকারিকদের কাজে প্রশ্ন ওঠে, কমিশন তাঁদের অন্যত্র পাঠায়। বাংলায় এটা বেশি হয় কারণ, বেশির ভাগ আধিকারিকই এক প্রকার তাঁর (মমতা) ক্যাডার।’