তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, চালু ট্রাইব্যুনাল
আজকাল | ২৯ মার্চ ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার গভীর রাতে এসআইআর-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছিল। এর ২৪ ঘণ্টা পরেই শনিবার রাতে এসআইআর-এর তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্টে নাম রয়েছে প্রায় ২ লক্ষ ১০ হাজার জনের।
তৃতীয় সাপ্লিমেন্টারির লিস্ট প্রকাশের পরেই, গতকাল গভীর রাত থেকে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে, আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। পাশাপাশি জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, তার বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে এখানে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা এবার থেকে ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ পাবেন। প্রতিদিন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। ভোটের আগেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে কমিশনের।
গত ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছিল কমিশন। বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছিল প্রায় ২৭ লক্ষ নাম সেখানে রয়েছে। দ্বিতীয় তালিকা প্রকাশের পর তা হয়েছিল প্রায় ৩৭ লাখের মতো। তৃতীয় তালিকায় কত নাম বাদ গেছে তা এখনও স্পষ্ট নয়।
২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রায় ৬০ লক্ষের নাম বিবেচনাধীন ছিল। এই নথি যাচাইয়ের দায়িত্বে ছিলেন বিচারবিভাগীয় আধিকারিকরা। সোমবার মধ্যরাতে এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা প্রকাশের পরেই কত লক্ষ নাম বাদ গিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
গত বুধবার নির্বাচন কমিশন জানিয়েছে, ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নথি যাচাই হয়েছে। তার মধ্যে ৪০ শতাংশ নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ গিয়েছে। প্রায় ১৩ লক্ষ বাদ বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। যাঁদের এই বাদ নিয়ে আপত্তি রয়েছে তাঁরা অ্যাপালেটন ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।
নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, ২৪ জন প্রাক্তন বিচারপতিকে জেলাভিত্তিক নিয়োগ করে এই ট্রাইব্যুনাল গঠন করা হবে। তার মধ্যে ১৯ জনকে নিয়োগ করা হয়েছে। বাকি এখনও হয়নি। তারপর সমস্ত দিক খতিয়ে দেখে ট্রাইব্যুনাল গঠন হবে।