• 'পেরেসানি' শব্দটাই ঘুরছে গ্রামবাংলার হাটেবাজারে
    আজকাল | ২৯ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: 'পেরেসানি', গ্রামবাংলার খেটে খাওয়া মানুষের চলতি টার্ম। এসআইআর-এর প্রক্রিয়ায় বিচারাধীন থাকার পরও ঝুলে থাকা, নিজেদের দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করছেন একাংশের মানুষ। ভোটবাংলায় এটাও একটা চিত্র।

    'আমার ছেলে সিভিক ভলেন্টিয়ার। আমি একটার পর একটা ভোট দিয়েছি। আর মাত্র কদিন তো ভোটের বাকি! কীভাবে এর সুরাহা হবে?', কাতর কন্ঠে প্রশ্ন দাদপুর গ্রামের সৈয়দ মহম্মদ হোসেনের। 

    দাদপুর গ্রামটা পূর্ব বর্ধমানের জামালপুরে। এখানকার গৃহবধূ নাসিরা বেগম আরও হতাশ। তার কথায়, 'কোনও পথ, কোনও বিকল্প খুঁজে পাচ্ছি না। আমাদের আব্বা, আম্মারা আমাদের নিয়ে চিন্তিত। কিন্তু আমরা তো সাতপুরুষের বাসিন্দা এ গাঁয়ের!'

     এ গায়ের ঘরে ঘরে এখন একই চিত্র। বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামের বাসিন্দারা। জামালপুরের দাদপুর এলাকায় ১৪৬ জন বিচারাধীন থাকার পর, ১২৬ জনের নাম বাদ পড়েছে। কমিশন দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতেই ক্ষোভ বেড়েছে এলাকায়। 

    ২৬নং বুথের ১১৬০ জন ভোটারের মধ্যে ১৪৬ জনের নাম বিচারাধীন থাকার পর নাম বাদ পড়তেই ক্ষোভ বেড়েছে এলাকায়। মাত্র ২০ জন সেই গেরো পেরিয়েছেন। বাকিরা ত্রিশঙ্কু অবস্থায়। 

    এসআইআর শুনানির প্রথম পর্ব থেকেই হয়রানির অভিযোগ তুলে মাঠে নেমেছিল তৃণমূল। পরে বামেরাও এই নিয়ে আওয়াজ তোলে। বিভিন্ন এলাকায় মানুষের হয়রানির চিত্র সামনে আসে। বিচারাধীন তালিকায় ঢুকে পড়ে বহু নাম। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরও দেখা যাচ্ছে ক্ষোভের আগুন নেভেনি। তা তুষের মাঝে ধিকিধিকি জ্বলছে। 

    এর মাঝেও ভোটের হিসেব এসে যাচ্ছে। জামালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিক বলছেন, 'এটা একটা রাজনৈতিক চক্রান্ত। একটি রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি করার জন্য এটা করা হয়েছে।' তিনি আশা করছেন, 'এবারের ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবেন।'

    অন্যদিকে এই ভোটের আবহেই এর জবাব খুঁজছে বিজেপিও। ডা: শান্তরূপ দে, যিনি বিজেপি নেতা তিনি বলছেন, 'তৃণমূল কংগ্রেস এবারের ভোটে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হতে চলেছে। তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। এসআইআর-এর সঙ্গে বিজেপির দূরদুরান্তেরও যোগ নেই। এটা রাজনৈতিক কার্যক্রম নয়। প্রকৃত নাগরিকের অসুবিধা হলে বিজেপি তার পাশে আছে।' এই নিয়ে ভোটের অঙ্কে দড়ি টানাটানি চলছে। সেই দড়িতেই ঝুলছে কয়েকশো ভোটারের নিয়তি!
  • Link to this news (আজকাল)