• তৃণমূলের হয়ে প্রচারে নদিয়ায় সৌমিতৃষা কুণ্ডু
    আজকাল | ২৯ মার্চ ২০২৬
  • ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখন জোরকদমে প্রার্থীরা প্রচার পর্ব চালাচ্ছেন। প্রার্থীদের প্রচারের নানা ঝলক সমাজমাধ্যমের আলোচনায় উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার নদিয়ায় প্রচারের কাজে যাচ্ছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। রবিবার বিকেল চারটের সময় গয়েশপুর ও সন্ধে ছটায় হরিণঘাটায় প্রচার চালাবেন অভিনেত্রী। 

    ইতিমধ্যেই কলকাতা থেকে নদিয়ার দিকে রওনা দিয়েছেন সৌমিতৃষা‌। আজকাল ডট ইন-কে প্রচার নিয়ে অভিনেত্রী বলেন, "আমি আগেও প্রচারে গিয়েছি। রাজদা (রাজ চক্রবর্তী), পার্থ ভৌমিকের সঙ্গে। এবার একাই যাচ্ছি নদিয়ায়। আমি আগেও বলেছি, এখনও বলছি তৃণমূলের পক্ষ থেকে যে ভালবাসা পেয়েছি, যে দায়িত্ব আমায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন তাতে কৃতজ্ঞ।"

    সৌমিতৃষা আরও বলেন, "আমরা পরিচিত মুখেরা যদি সাধারণ মানুষের সামনে গিয়ে দাঁড়াই, দুটো কথা বলি, তাঁরা কিন্তু মন দিয়ে শোনেন। কারণ, তাঁরা আমাদের ভালবাসেন, বিশ্বাস করেন। তৃণমূলের প্রতিনিধি হয়ে আজ নদিয়ায় গিয়ে একটাই লক্ষ্য থাকবে আমার, মানুষকে সঠিক দিশা দেখানো আর তাঁদের সমস্যার কথা শোনা। কৃষকদের জন্য কিছু নতুন প্রকল্প আসছে, সেগুলো বলব। স্বাস্থ্য সাথী, যুব সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প গুলো নিয়ে কথা বলব, সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি।"

    সৌমিতৃষার কথায়, "আমার মনে হয়, এগুলো আমাদের দায়িত্ব। কেউ যদি আমাকে বিশ্বাস করে আমার কথা শুনে সঠিক পথ খুঁজে পান, তাহলে সেটা আমার কাছে পরম পাওয়া।"

    বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার আগে গুঞ্জন শোনা গিয়েছিল, সৌমিতৃষা নাকি টিকিট পাচ্ছেন। কিন্তু তা হয়নি, তবুও দলের হয়েই প্রচার করছেন তিনি। আগামীতে কি আশার আলো দেখছেন? অভিনেত্রী বলেন, "যখন গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখি, তখন ভাল লাগে, খেলোয়াড়দের উৎসাহিত করি, কিন্তু নিজে ওই মাঠে খেলার স্বপ্ন কিন্তু দেখি না। এক্ষেত্রেও বিষয়টা একই। দলকে ভালবাসি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুব ভালবাসি, তাই কাজ করি।"
  • Link to this news (আজকাল)