• ভোটের মুখে কসবায় ভয়ঙ্কর কাণ্ড
    আজকাল | ২৯ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে খাস কলকাতায় নৃশংস হত্যাকাণ্ড। স্ত্রীকে নির্মমভাবে খুন করলেন স্বামী। কসবা থানার অন্তর্গত বোসপুকুর রোড এলাকায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

    ছুরি দিয়ে একের পর এক কোপ মেরে খুন করা হয়েছে বলে খবর। এই ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। কী কারণে এই খুন খতিয়ে দেখছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর চারটে নাগাদ কসবা থানার বোসপুকুরে এই খুনের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিনোদ সিংহ। মৃত স্বপ্না সিংয়ের স্বামী তিনি। 

    আরও জানা গিয়েছে, আজ সকালে ওই গৃহবধূকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়। তারপর মৃত্যু হয় ওই তাঁর। এরপর ওই মহিলার মেয়েকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, গতকাল বাবা-মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরেই বাবা ছুরি দিয়ে তাঁর মাকে আঘাত করেন। 

    ওই গৃহবধূর চিৎকার শুনতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন। তড়িঘড়ি মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিনোদ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। 

    স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত বিনোদ প্রায়শই মত্ত অবস্থায় বাড়ি ফিরতেন। স্ত্রী স্বপ্নার কাছে মদ্যপানের জন্য টাকা চাইতেন। বিনোদ রোজগার করতেন না। স্বপ্না টাকা না দিলেই অশান্তি করতেন। শনিবার রাতেও তাঁদের মধ্যে টাকা নিয়ে অশান্তি হয়েছিল। স্ত্রীকে মারধরও করতেন বলেও অভিযোগ জানিয়েছেন প্রতিবেশীরা। 

    গত বছর নভেম্বরে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল এই কসবায়। দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি নামী হোটেলে খুন হন বীরভূমের দুবরাজপুরের যুবক আদর্শ লোসালকা (৩৩)। রাতারাতি ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুই জেলাতেই। আরও চাঞ্চল্যকর, খুনের ধরনে পার্ক স্ট্রিটের সাম্প্রতিক ঘটনার মিল খুঁজে পেয়েছে পুলিশ।

    ঘর বুকিং, তারপর রহস্যময় অন্তর্ধান: 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই তিনজন—দু’জন পুরুষ এবং এক মহিলা—অনলাইনে ঘর বুক করেন কসবার ওই হোটেলে। প্রায় মধ্যরাত পেরোতেই এক পুরুষ এবং সেই মহিলাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তারপর থেকেই দু’জনের কোনও খোঁজ নেই।

    পরদিন সকালে হোটেলের কর্মীরা বহু ডাকাডাকির পরেও দরজা না খোলায় সন্দেহ হয়। খবর যায় কসবা থানায়। এরপর ঘরের ভেতর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ।

    পুলিশ এসে দরজা খুলে দেখে, বিছানায় নিথর দেহ পড়ে আছে আদর্শ লোসালকার। আধার কার্ডে মিলেছে তাঁর পরিচয়। মাথা ফাটা, রক্তে ভেজা বালিশ, আর ঘরের এলোমেলো অবস্থা দেখে তদন্তকারীরা নিশ্চিত—এটি খুন। এবং খুনটি হয়েছে অত্যন্ত কাছ থেকে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে।
  • Link to this news (আজকাল)