• বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কট, এক সঙ্গে সবাইকে চ্যালেঞ্জের মোকাবিলার আবেদন প্রধানমন্ত্রীর
    এই সময় | ২৯ মার্চ ২০২৬
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে প্রভাব পড়েছে দেশের জ্বালানি ক্ষেত্রেও। সংসদের অধিবেশনেই এই নিয়ে সঙ্কটের কথা স্বীকার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। আর রবিবার, ‘মন কী বাত’ অনুষ্ঠানেও তাঁর মুখে থাকল পেট্রল-ডিজ়েল নিয়ে সঙ্কটের (petrol and diesel cirsis) কথা । এই সমস্যা শুধু ভারতের নয়, বিশ্ব জুড়েই জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে বলে সতর্ক করেন তিনি।

    এরই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই সঙ্কট ও চ্যালেঞ্জ মোকাবিলা করার আবেদন জানান প্রধানমন্ত্রী। এই নিয়ে গুজব এবং রাজনীতিকরণের বিরুদ্ধেও সবাইকে সতর্ক করেছেন তিনি।

    গত মাসেই শুরু হয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia Conflict)। ইরানে (Iran) যৌথ ভাবে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। এর জেরেই সঙ্কট দেখা গিয়েছে জ্বালানি ক্ষেত্রে। রবিবার, প্রধানমন্ত্রীর ১৩২ তম ‘মন কী বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানেও সিংহভাগ জুড়ে ছিল জ্বালানি সমস্যার প্রসঙ্গ।

    তিনি জানান, মার্চ মাস জুড়েই বিশ্ব জুড়ে একাধিক বিশেষ ঘটনা ঘটেছে। জ্বালানি সমস্যা নিয়ে কথা বলার সময়ে তাঁর মুখে আসে কোভিড-এর সময়ের কথাও। প্রধানমন্ত্রী বলেন, ‘এর আগে কোভিডের সময়ে বিশ্ব জুড়ে একাধিক সমস্যা দেখা দিয়েছিল। দীর্ঘ দিন ওই সমস্যার মধ্যে থাকতে হয়েছে আমাদের। কোভিড সমস্যা (COVID crisis) থেকে বের হয়ে নতুন ভাবে উন্নতির পথে হাঁটতে শুরু করেছিলাম আমরা। কিন্তু এখন যুদ্ধ এবং সংঘাতের জেরে নতুন এক সমস্যা দেখা দিয়েছে।’

    বিশ্ব জোড়া এই সমস্যার কারণে ভারতেও জ্বালানি ক্ষেত্রে সঙ্কট দেখা দিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর দাবি, এই সমস্যায় মোকাবিলায় ভারত একটি ভালো জায়গায় ছিল। তিনি বলেন, ‘তবে, বিশ্ব জুড়ে থাকা সমস্যার কারণে ভারতেও কিছু সঙ্কট দেখা দিয়েছে। নিঃসন্দেহে আমাদের কাছে এটা খুবই চ্যালেঞ্জের সময়। তবে আমি দেশের নাগরিকদের কাছে আরও এক বার ঐক্যবদ্ধ থেকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার আবেদন জানাচ্ছি।’

    ১৪০ কোটি দেশবাসীর স্বার্থে এই নিয়ে রাজনীতি করার কোনও জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি।

    এক মাসের বেশি সময় ধরে সংঘাত চলছে পশ্চিম এশিয়ায়। উপসাগরীয় দেশগুলিতে দেশের অনেকেই কাজ করেন। এই সঙ্কটের সময়ে তাঁরাও সমস্যার মধ্যে আছেন। সেই কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভারতীয় নাগরিকদের পাশে এসে দাঁড়ানোর জন্য ওই অঞ্চলের দেশগুলির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

  • Link to this news (এই সময়)