• শান্তিপূর্ণ শোভাযাত্রায় আচমকা মোষের গুঁতোয় আহত তিন!
    আজকাল | ৩০ মার্চ ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: চুঁচুড়ার পর এবার রিষড়া। এবারে আরও তৎপর পুলিশ প্রশাসন। সামান্য ফাঁকও পুলিশের নজর এড়িয়ে যায়নি। নজরে পড়েনি অস্ত্রের ঝলকানি, এমনকী তারস্বরে ডিজে। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো রাম নবমীর শোভাযাত্রা। 

    মোতায়েন ছিল আধা সামরিক বাহিনী। চন্দননগর কমিশনারেটের র‍্যাফ পাহারায় একের পর এক শোভাযাত্রা রিষড়া থেকে এগিয়ে যায় শ্রীরামপুরের দিকে। রিষড়ার বিভিন্ন এলাকা থেকে আসা ছোটো ছোটো শোভাযাত্রা মিলিত হয়ে সন্ধ্যা বাজার হয়ে জিটি রোড ধরে শ্রীরামপুরের দিকে যায়। ব্যান্ড পার্টি বক্স তাসার তালে চলে নাচ। এগোতে থাকে শোভাযাত্রা। 

    নজিরবিহীন ভাবে এদিন প্রতিটি শোভাযাত্রাকে রীতিমতো আগলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। রিষড়া সন্ধ্যা বাজার হয়ে মৈত্রী পথ। ওয়েলিংটন জুটমিলের সামনে জামা মসজিদের গা ঘেঁষে দেখা যায় বিশাল পুলিশ বাহিনী। জিটি রোড সংযোগকারী রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি ব্যারিকেডে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকে। নির্বাচন উপলক্ষে আগে থেকে চলে আসা আধা সামরিক বাহিনীকেও কাজে লাগানো হয়।

    হাইকোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষ এবারের রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিয়েছিল চন্দননগর পুলিশ কমিশনারেট। যাত্রা পথের একাধিক জায়গায় টাওয়ার তৈরি করে নজরদারী চালানো হয়। ঘনঘন সিসি টিভি ক্যামেরা সঙ্গে পুলিশের শরীরে থাকা বডি ক্যামেরায় বন্দি হয়ে থাকে প্রত্যেক মুহূর্তের ছবি। এছাড়াও শোভাযাত্রার সরাসরি রেকর্ডিং করার পাশাপাশি ড্রোন ক্যামেরায় চালানো হয় নজরদারী।

    সূত্রের খবর, গোটা বিষয়টির উপর নজরদারি চালান খোদ পুলিশ কমিশনার সুনীল যাদব নিজেই। রবিবার রিষড়ায় মোট ১৪ টি শোভাযাত্রায় অংশ নেয়। নানান রঙে সুসজ্জিত শোভাযাত্রায় সাধু সন্ত আবার কোনওটা সুসজ্জিত ট্যাবলো দিয়ে। রাম লক্ষণ সীতা হনুমান সাজে গেরুয়া ধ্বজা উড়িয়ে উল্লাস করতে করতে এগিয়ে চলে রামনবমীর শোভাযাত্রা। গত বারের তুলনায় কম হলেও অস্ত্র হাতে শোভাযাত্রায় সামিল হওয়া নজরে পড়েনি। 

    অন্যদিকে, উত্তরপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় ঢুকে পড়ল মোষের দল। আচমকা মোষের গুঁতোয় আহত তিনজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

    শোভাযাত্রার এহেন বাজনার শব্দে হঠাৎ বেশ কয়েকটি মোষ ক্ষিপ্ত অবস্থায় যাত্রায় ঢুকে পড়ে। মোষের গুঁতোয় আহত হন শোভাযাত্রায় অংশগ্রহণকারী তিন জন। দ্রুত তাঁদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

    ছবি পার্থ রাহা।

     
  • Link to this news (আজকাল)