• রাহুলের অকালমৃত্যুতে শোকে কাতর মমতা ব্যানার্জি!
    আজকাল | ৩০ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। অভিনেতার অকাল প্রয়াণে শোকগ্রস্ত সবাই। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

    "আমার খুব পছন্দের অভিনেতা", অভিনেতার মৃত্যুতে নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি লেখেন, "বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। 

    কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল।

    তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।" 




    সূত্রের খবর ধারাবাহিকের শুটিং করছিলেন তালসারিতে। সেই সময়ই বোটিংয়ে গিয়ে জলে পড়ে যান। তলিয়ে যান রাহুল। পরবর্তীতে তাঁকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

    প্রসঙ্গত, রাহুল অরুণোদয় ব্যানার্জি দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন 

    রাহুল অরুণোদয় ব্যানার্জিকে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ 'ঠাকুমার ঝুলি'তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। 

    রাহুল অরুণোদয় ব্যানার্জি 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাঁদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। 

    রাহুল অরুণোদয় ব্যানার্জির প্রয়াণের খবরে স্তম্ভিত টলিউড।
  • Link to this news (আজকাল)