• ব্রিটিশ আমলের পুরনো চেহারায় ফিরছে দার্জিলিং স্টেশন, ইউনেস্কোর সবুজ সংকেত
    আজ তক | ৩০ মার্চ ২০২৬
  • DHR Toy Train Heritage Updates: কুয়াশাভেজা পাহাড়ের বুক চিরে কুণ্ডলী পাকানো ধোঁয়া উড়িয়ে যখন খেলনা গাড়ি বা টয়ট্রেন এগিয়ে চলে, তখন পর্যটকদের মনে এক অদ্ভুত নস্ট্যালজিয়া ভিড় করে। সেই নস্ট্যালজিয়াকেই এবার আরও রাঙিয়ে তুলতে বড়সড় পদক্ষেপ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)।

    শৈলশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হেরিটেজ তকমা পাওয়া দার্জিলিং রেল স্টেশনকে তার পুরোনো বা আদি রূপে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যেই ইউনেস্কো এবং ভারতীয় রেল বোর্ডের কাছ থেকে মিলেছে চূড়ান্ত অনুমোদন। রেলকর্তাদের দাবি, আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া স্টেশনের সেই সাবেকিয়ানাকে পুনরুদ্ধার করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য। ২০২৬-এর এই নয়া অর্থবর্ষেই শুরু হতে চলেছে ২৫ কোটির এই মহাযজ্ঞ।

    সমতল থেকে প্রায় ২ হাজার ৭৩ মিটার উচ্চতায় অবস্থিত এই স্টেশনটি ১৯৩০ সালের পরবর্তী সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সংস্কার হলেও সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে স্টেশনের বাহ্যিক রূপ ও পরিকাঠামোয় অনেকটা পরিবর্তন আসে। রেল সূত্রে খবর, বর্তমানে যে ‘আর্ট ডেকো’ শৈলী তথা সাবমেরিন সদৃশ অবয়ব স্টেশনে দেখা যায়, তার পরিবর্তে ব্রিটিশ আমলের সেই আদি কারুকার্যকেই ফিরিয়ে আনা হবে। বিড়লা-রাজের আভিজাত্য যেমন যুগ যুগ ধরে তার স্বকীয়তা বজায় রেখেছে, দার্জিলিং স্টেশনও ঠিক সেই রাজকীয় আদলেই পর্যটকদের অভ্যর্থনা জানাবে। এই কাজের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) স্থপতিদের দিয়ে বিশেষ ডিপিআর তৈরি করানো হয়েছে।

    ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, পুরো প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় তিন বছর সময় লাগবে। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এই স্টেশনকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ স্তরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে ঐতিহ্যের সঙ্গে কোনও আপস করা হবে না। স্টেশন চত্বরে গড়ে ওঠা অপ্রয়োজনীয় স্টল ও রেলিং সরিয়ে ফেলে যাত্রীদের জন্য আনা হবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা।

    পাহাড়ের বাঁকে বাঁকে টয়ট্রেনের জয়রাইড শুরুর এই কেন্দ্রটি নতুন রূপে সাজলে পর্যটকদের আকর্ষণ যে কয়েক গুণ বাড়বে, তা বলাই বাহুল্য। ২০২৬-এর এই পর্যটন মরশুমে শৈলশহর দার্জিলিং-এর ভোলবদল নিয়ে এখন তরাই ও সমতলের মানুষের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

     
  • Link to this news (আজ তক)