৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৪০ লক্ষ নিষ্পত্তি, বাদের খাতায় ১৮ লক্ষ
দৈনিক স্টেটসম্যান | ৩০ মার্চ ২০২৬
শুক্রবার এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশিত হল তৃতীয় তালিকা। শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে চালু করা হয়েছে একটি বিশেষ ট্রাইবুনাল পোর্টাল, যার মাধ্যমে তালিকা থেকে বাদ পড়া ভোটাররা নিজেদের নাম পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। রবিবার থেকেই এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
ভোটাররা অনলাইনে আবেদন করতে চাইলে কমিশনের সরকারি ওয়েবসাইটে eci.gov.in গিয়ে ‘সাবমিট অ্যাপ্লাই ফর ইন্ডিভিউজাল ( আন্ডার অ্যাডজুডিকেশন)’ অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর বা এপিক নম্বর ব্যবহার করে লগ ইন করে, নাম বাদ পড়া ভোটারের এপিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। সেক্ষেত্রে ভোটারের পিনকোড-সহ পুরো ঠিকানা (২৫০ শব্দের মধ্যে), আপিলের সংক্ষিপ্ত বিবরণ (১০০০ শব্দের মধ্যে) এবং আবেদন করার কারণ (৫০০ শব্দের মধ্যে) উল্লেখ করে জমা দিতে হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করা যাবে—জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে।
এই প্রক্রিয়াকে কার্যকর করতে ইতিমধ্যেই ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে ট্রাইবুনাল গঠন করা হয়েছে। খুব শীঘ্রই এই ট্রাইবুনালগুলির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এদিকে, তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিদিন নতুন অতিরিক্ত তালিকা প্রকাশের কাজও শুরু হয়েছে। তৃতীয় তালিকায় দুই লক্ষের বেশি নতুন নাম যুক্ত হয়েছে বলে খবর। তবে চূড়ান্ত তালিকা নিয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। প্রথম অতিরিক্ত তালিকা থেকেই বাদ পড়েছে প্রায় ১৩ লক্ষ নাম। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকার ক্ষেত্রে প্রায় ৪৫ শতাংশ নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে, যা সংখ্যায় প্রায় ১৪ লক্ষ।
এর মধ্যে উল্লেখযোগ্য অংশ মহিলা ও সংখ্যালঘু ভোটার। কমিশনের তথ্য বলছে, প্রথম ও দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা মিলিয়ে মোট ৩১ লক্ষ নাম তোলা হয়েছে। প্রথম তালিকায় ছিল প্রায় ১০ লক্ষ এবং দ্বিতীয় তালিকায় ছিল প্রায় ২১ লক্ষের মতো নাম। তবে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কমিশন ইতিমধ্যেই ট্রাইবুনালের মাধ্যমে আপিল প্রক্রিয়া চালু করেছে, যার মাধ্যমে বাদ পড়া ভোটাররা আবেদন করতে পারবেন।