• ভোটের আবহে উদ্ধার বিদেশি মুদ্রা, শালিমার স্টেশনে গ্রেপ্তার ১
    এই সময় | ৩০ মার্চ ২০২৬
  • রাজ্যে ভোটের আবহে দিকে দিকে চলছে কড়া নজরদারি এবং নাকা চেকিং। এই পরিস্থিতিতে শালিমার স্টেশন থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করল রেল পুলিশ (GRP)। উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার ভারতীয় বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ ২৬ হাজার ৯০০ টাকা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অলোক কুমার, তিনি বিহারের ফুলবেড়িয়া এলাকার বাসিন্দা। রবিবার খড়্গপুরে এক সাংবাদিক বৈঠকে রেল পুলিশের এই সাফল্যের কথা জানিয়েছেন GRP খড়্গপুর ডিভিশনের SRP মিতুনকুমার দে।

    পুলিশ সূত্রে খবর, শালিমার স্টেশনে তল্লাশি অভিযান চলছিল। শালিমার-পাটনা দুরন্ত এক্সপ্রেস থেকে নামার পরে এক ব্যক্তিকে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহ হয় প্ল্যাটফর্মে কর্তব্যরত GRP কর্মীদের। তাঁরা ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর পরে তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই থরে থরে সাজানো বিদেশি মুদ্রা বেরিয়ে আসে। উদ্ধার হওয়া সসস্ত মুদ্রা ইউরো এবং ডলার বলে পুলিশ জানিয়েছে।

    জেরায় ধৃত জানিয়েছেন, তিনি বিদেশি মুদ্রা বিনিময় কোম্পানিতে কাজ করেন। কিন্তু ওই ব্যক্তি কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। বিহারের ওই বাসিন্দা বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা কোথায় পেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে এই চক্রের পিছনে বড় কোনও পাচারকারী দল রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)