• ‘কঠিন সময়’, একজোট হওয়ার আরজি মোদির
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নয়াদিল্লি: ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের জেরে জ্বলছে পশ্চিম এশিয়া। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। প্রভাব পড়েছে ভারতেও। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়েছে। তারপর উপর জ্বালানি সংকটের আঁচও পড়েছে।  এহেন পরিস্থিতিতে দেশবাসী সতর্ক থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রবাসী ভারতীয়দের সবরকম সাহায্য করার জন্য উপসাগরীয় দেশগুলিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। রবিবার ১৩২তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, ‘এটি নিঃসন্দেহে কঠিন সময়। এই চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য দেশের ১৪০ কোটি মানুষকে একজোট হওয়ার আরজি জানাচ্ছি। আপনাদের সতর্ক থাকতে বলছি। কোনোরকম গুজবের শিকার হবেন না।’ এই প্রসঙ্গে নাম না করে বিরোধীদের খোঁচা দিতে ছাড়েননি মোদি। তিনি বলেছেন, যাঁরা এই ইস্যুতে রাজনীতি করছেন, তাঁদের এই প্রবণতা থেকে বিরত থাকা উচিত। কারণ, এরসঙ্গে জড়িয়ে রয়েছে দেশের ১৪০ কোটি মানুষের স্বার্থ। এক্ষেত্রে স্বার্থপর রাজনীতির কোনও জায়গা নেই। 

    মোদি আরও বলেন, ‘গত একমাস ধরে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে এক ভায়বহ যুদ্ধ চলছে। যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের পরিবারের সদস্যরা কর্মরত। বিশেষ করে উপসাগরীয় দেশে। সেখানে বসবাসকারী ১ কোটির বেশি ভারতীয়দের সাহায্য করার জন্য উপসাগরীয় দেশগুলির কাছে আমি কৃতজ্ঞ।’
  • Link to this news (বর্তমান)