• সেন্সাস: যাচাই না করে সেলফ ইনিউমারেশনের তথ্য আপলোড নয়
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সেন্সাসের ‘গৃহ গণনা’। এই পর্বে দেশের নাগরিকরা কে কী অবস্থায় বসবাস করছেন, তা নথিভূক্ত হবে। বাড়ি নিজের নাকি ভাড়া, কীসে রান্না হয়, এসব তথ্য সংগ্রহর কাজ হবে। আজ সোমবার গৃহ ও জনগণনা নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। এবারের সেন্সাসে নাগরিকদের অনলাইন ফর্ম পূরণের বিষয়টি সম্পূর্ণ নতুন। তার জন্য সেলফ ইনিউমারেশন পোর্টাল খোলা হচ্ছে। এবারের সেন্সাস হবে সম্পূর্ণ ডিজিটাল। তৈরি হবে একটি বিশেষ অ্যাপও। গণনাকারী বা ইনিউমারেটরা নিজের স্মার্ট ফোনেই তা ডাউনলোড করে নিতে পারবেন। ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা সহ ১৪ টি আঞ্চলিক ভাষায় ৩৩ টি প্রশ্ন থাকবে।  সেলফ ইনিউমারেশন ফর্মে পূরণ করা তথ্য চোখ বুঝে বিশ্বাস করবে না রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া। অনলাইন ফর্ম পূরণ করলেই তা আপলোড হবে না। ফর্ম পূরণের পর মিলবে ১১ ডিজিটের একটি আইডি। যার শুরুতে ‘এইচ’ লেখা থাকবে। অর্থাৎ হাউসহোল্ড। এরপর গণনাকারী এলে তাঁকে জানাতে হবে সেই আইডি। তিনি সেটি দিয়ে ওই ফর্ম খুলে সব তথ্য যাচাই করবেন। তারপরই সেটি আপলোড হবে। 

    দুটি পর্বে চলবে এবারের সেন্সাস বা জনগণনা। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত গৃহ গণনা। কার বাড়িতে কী আছে, জীবন যাপন কীভাবে ইত্যাদি তথ্য সংগ্রহ হবে। পরের পর্যায়ে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে জনগণনা। পশ্চিমবঙ্গ সহ পাঁচ ভোটমুখী রাজ্যে নির্বাচন মিটলে তবেই শুরু হবে সেন্সাসের কাজ। প্রতিটি রাজ্য নিজের মতো করে ৩০ দিনের মধ্যে সেন্সাসের কাজ শেষ করতে পারবে। যে রাজ্যে যখন শুরু করবে, তার ১৫ দিন আগে ‘সেলফ ইনিউমারেশন ফর্ম’ পূরণের কাজ শুরু হবে। 

    গণনার কাজ সহজ তথা দ্রুত করতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনলাইন ফর্ম ফিলাপ অর্থাৎ সেলফ ইনিউমারেশন করারই নির্দেশ দিয়েছে কেন্দ্র। সব মন্ত্রক সেই মতোই উদ্যোগ নিচ্ছে। কীভাবে ভরতে হবে ফর্ম, তার জন্য শীঘ্রই ট্রেনিংও দেওয়া হবে। সেন্সাসে প্রায় ৩০ লক্ষ লোক কাজ করবেন।
  • Link to this news (বর্তমান)