• আজ মনোনয়ন শুরু, উত্তরবঙ্গে ২৭টি কেন্দ্রের জন্য সাজানো হয়েছে ডিএম-এসডিও অফিসের ২৭টি রুম
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ড্রপ গেট, সিসি ক্যামেরা ও পুলিশ মোতায়েন। এমনকী, জারি থাকছে ১৬৩ ধারা। মহারণ-২৬’র মনোনয়নপত্র দাখিল ঘিরে উত্তরবঙ্গের পাঁচ জেলার ডিএম ও এসডিও অফিস চত্বরে এমন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আজ, সোমবার এখানকার ২৭টি বিধানসভা কেন্দ্রের জন্য চারটি ডিএম, ১১টি এসডিও এবং একটি গ্রামোন্নয়ন সেলের অফিস প্রস্তুত করা হয়েছে। এজন্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও মিটিং করেছে প্রশাসন। তারা এই পর্ব সুষ্ঠুমতো করতে সবরকম প্রস্তুতি নিয়েছে। এদিকে, দার্জিলিং পাহাড়ে ১ এপ্রিল থেকে অনীত থাপার দল বিজিপিএমের দুই প্রার্থী এবং ২ এপ্রিল শিলিগুড়িতে মনোনয়নপত্র দাখিল করবেন তৃণমূল প্রার্থীরা।

    দু’সপ্তাহ আগেই দামামা বেজেছে ভোটের। আজ সোমবার, কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে মনোনয়নপত্র দাখিল। এজন্য দার্জিলিং জেলা প্রশাসন জোর প্রস্তুতি নিয়েছে। প্রশাসন সূত্রে খবর, দার্জিলিং ডিএম অফিসে দার্জিলিং, কার্শিয়াং এসডিও অফিসে কার্শিয়াং, শিলিগুড়ি এসডিও অফিসে শিলিগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল কেন্দ্র করা হচ্ছে। মহকুমা পরিষদের পাশে জেলা গ্রামোন্নয়ন সেলের অফিসে খোলা হচ্ছে ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল কন্দ্রে। প্রতিটি ভবনের প্রবেশদ্বারে কার্টুন ছবি দিয়ে তৈরি হয়েছে তোরণ।

    প্রশাসনের এক আধিকারিক বলেন, সকাল  ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। স্ক্রুটিনি হবে ৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৯ এপ্রিল। এই পর্ব সুষ্ঠুমতো করতে প্রতিটি মনোনয়নপত্র দাখিলের রুম থেকে গেট পর্যন্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। কেন্দ্রের বাইরে ড্রপগেট, পুলিশ কর্মী মোতায়েন থাকবে। ভিড় নিয়ন্ত্রণ করতে জারি করা হয়েছে ১৬৩ ধারা। প্রার্থী সহ চার জন মনোনয়ন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পণিকার বলেন, মনোনয়নপত্র দাখিল পর্ব সুষ্ঠুমতো করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।       

    কোচবিহার সদর এসডিও অফিসে কোচবিহার উত্তর ও দক্ষিণ, তুফানগঞ্জ এসডিও অফিসে তুফানগঞ্জ  ও নাটাবাড়ি, দিনহাটা এসডিও অফিসে দিনহাটা ও সিতাই, মাথাভাঙা এসডিও অফিসে মাথাভাঙা ও শীতলকুচি এবং মেখলিগঞ্জ এসডিও অফিসে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল কেন্দ্র করা হচ্ছে। প্রতিটি জায়গায় থাকছে হেল্প ডেস্ক। এছাড়া, মনোনয়নপত্র দাখিল কেন্দ্র থেকে ১০০ মিটারে ব্যারিকেড করা, পুলিশি নিরাপত্তা থাকছে।

    জলপাইগুড়িতে ডিএম অফিসে চারটি এবং তিনটি এসডিও অফিসে তিনটি কেন্দ্রের মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা করা হয়েছে। কালিম্পং জেলাশাসকের অফিসে একটি রুম সাজানো হয়েছে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যাতেই’ মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট ভবনের পাঁচটি রুম সাজানো হয়েছে। • ডুয়ার্সকন্যার সামনে বসানো হচ্ছে বাঁশের ব্যারিকেড। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)