তেল সংকট ও ভোট, জোড়া কাঁটায় রাজ্যের সর্বত্র অমিল বাস
বর্তমান | ৩০ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে তেল সংকটে ভারত। বাংলাজুড়ে যার প্রভাব পড়তে শুরু করেছে। পর্যাপ্ত জ্বালানির অভাবে ভুগছে গণপরিবহণ। রাস্তায় উল্লেখযোগ্যভাবে কমেছে সরকারি-বেসরকারি বাস-মিনিবাসের সংখ্যা। প্রচলিত পেট্রল-ডিজেলের পাশাপাশি যাত্রী পরিবহণে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) গাড়ি চলে এসেছে। ইরান-আমেরিকা সংঘাতে সেই সিএনজি ভাঁড়ারও কমে আসছে। ফলস্বরূপ বিকল্প জ্বালানির গাড়িও ক্রমে উধাও হচ্ছে। এই পরিস্থিতিতে ভোটের ডিউটির জন্য বাস-মিনিবাস হুকুম দখল প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঝঞ্ঝাট এড়াতে বহু বাস মালিক গাড়ি রাস্তায় নামাচ্ছেন না। অন্যদিকে, নির্বাচন কমিশনের কাজে তোলা গাড়ির ভাড়ার হার নিয়েও বাস মালিক সংগঠনের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে পরিষেবায়। সব মিলিয়ে দিনে-রাতে বাস পেতে আম জনতার কালঘাম ছুটছে। একদিকে, গত পাঁচবছর ধরে বাসভাড়া বৃদ্ধি নিয়ে টানাপোড়েন চলছে। বেসরকারি বাস-মিনিবাস বেআইনিভাবে বর্ধিত ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া দিয়েও যাত্রীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তেল সংকট ও ভোটের ডিউটি—জোড়া কাঁটায় আরো ভুগতে শুরু করেছে বঙ্গবাসী। আগামী ৪ মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হবে। ৬ মে নির্বাচন কমিশন যাবতীয় প্রক্রিয়া শেষ করবে। স্বভাবতই যাত্রী ভোগান্তি পালা দীর্ঘায়িত হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত।