নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: রাজ্যের যে প্রান্ত থেকে নারী নির্যাতনের অভিযোগ তুলে গোটা বাংলায় আলোড়ন ফেলে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি, সেখানেই ‘ঘরের মেয়ে’-কে প্রার্থী করে জবাব দেওয়ার পথ বেছে নিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ব্রিগেডের সৈনিক ঝর্ণা সর্দার আওয়াজ তুললেন, ‘বিজেপি নামক অসুর বধ করে নতুন সূর্যোদয় আনব।’
কেন্দ্রটি হল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। বছর দু’য়েক আগে এই অঞ্চল রাতারাতি খবরের শিরোনামে উঠে আসে। বিজেপি অভিযোগ করে, মহিলাদের উপর অত্যাচার করেছে স্থানীয় তৃণমূল নেতারা। পরবর্তী সময়ে সন্দেশখালির আন্দোলনকারী রেখা পাত্রকে ২০২৪ সালে সংশ্লিষ্ট লোকসভায় প্রার্থী করে যাবতীয় ঘটনাক্রমকে নয়া মাত্রা দেয় গেরুয়া শিবির। কিন্তু ওই গোটা বিষয়টি যে বিজেপির তরফে বাংলাকে কালিমালিপ্ত করার খেলা ছিল, তা স্পষ্ট হয়ে যায় বিজেপির স্থানীয় মণ্ডলের নেতা গঙ্গাধর কয়ালের বিস্ফোরক মন্তব্যে। পরবর্তীতে সন্দেশখালির মানুষও বিষয়টি উপলব্ধি করেন। তাই রেখা পাত্রকে জয়ী করেননি বসিরহাটের মানুষ। এই অবস্থায় রেখা পাত্রকে সন্দেশখালি বিধানসভা থেকে প্রার্থী করেনি বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঝর্ণা সর্দার। তিনি বলেন, ‘নোংরা খেলায় নেমে সন্দেশখালির বদনাম করেছিল বিজেপি। সন্দেশখালির মেয়েদের বিজেপি অপমান করেছিল। সেই চক্রান্তের বিরুদ্ধে আওয়াজ তুলতে আমার মতো এক সাধারণ ঘরের মেয়েকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে সন্দেশখালির মাটিতে রাজনৈতিকভাবে বধ করব।’ কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে সন্দেশখালিতে এবার ঝর্ণা সর্দারের হাত ধরে নারী সুরক্ষায় নয়া সন্ধিক্ষণ রচনা করতে চাইছে তৃণমূল।