• রোড-শো থেকে মিছিল, জনসংযোগ থেকে বিতর্ক, দিনভর সরগরম হুগলি, রবিবার জেলাজুড়ে রংবাহারী ভোটের প্রচার
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রবিবার ছুটির দিনে জমজমাট প্রচারে মাতল হুগলি। এদিন বেলার দিকে গরম ছিল ভালোই। তবে মোটের উপরে আবহাওয়া ছিল মনোরম। এই পরিবেশে প্রচারে ঝড় তুলতে দেখা গেল নবীন-প্রবীণ প্রার্থীদের। কোথাও সুসজ্জিত মিছিল, রোড শো, কোথাও নিখাদ বাড়ি বাড়ি জনসংযোগের পুরানো কৌশল। দিনভর প্রচারের সুর ঘুরপাক খেয়েছে চণ্ডীতলা থেকে চুঁচুড়া, পাণ্ডুয়া থেকে বলাগড়, সপ্তগ্রামের গঙ্গাপাড়ে। বাম থেকে তৃণমূল, বিজেপি কেউই এদিন প্রচারে খামতি রাখেনি।

    সকালে বলাগড়ে প্রচারের সুর বেঁধে দিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ছেলে তথা উত্তরপাড়ার প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন। বাবা-ছেলের সেই যুগলবন্দির পরে এদিন বলাগড়ের জিরাটে রোড শো করেন কল্যাণ। প্রার্থী তথা জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়াকে নিয়ে দীর্ঘ পথ পরিক্রমা করে তৃণমূলের সুসজ্জিত মিছিল। পরে সপ্তগ্রামের প্রার্থী বিদেশ বসুর হয়েও মিছিল করেন কল্যাণ। কার্যত তৃণমূলের প্রচারের সুর এদিন সেখানেই বাঁধা হয়েছিল। দুপুরে ময়দানে নেমেছিলেন আরেক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে ঘড়িমোড়ে সভা করেন রচনা। সেখানে তিনি বলেন, দেবাংশুকে জিতিয়ে দিন। কথা দিচ্ছি, চুঁচুড়ায় বেনজির উন্নয়ন করে দেখাব। দেবাংশু হাজির ছিলেন চুঁচুড়া শহরের এক বর্ণাঢ্য মিছিলে।

    এদিকে, এদিন চুঁচুড়ায় রচনার বিরুদ্ধে তোপ দেগেছেন সদ্য বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। তিনি রচনার বিরুদ্ধে সাংসদ তহবিলে অনিয়মের পাশাপাশি দলে গোষ্ঠীকোন্দল তৈরির অভিযোগ করেছেন। তিনি বলেন, ক্ষমতা থাকলে রচনা নির্দল হয়ে ভোটে লড়ুক। আমি ওনাকে হারাতে না পারলে মাথা মুড়িয়ে দেব। এনিয়ে রচনা অবশ্য বলেন, অসিতবাবু হাস্যকর অভিযোগ তুলে অসংলগ্ন কথা বলছেন। হাতেগরম ইস্যু পেয়ে তা নিয়ে প্রচার করছেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। 

    বিজেপির প্রার্থীরাও এদিন দাপিয়ে প্রচার করেছেন। চুঁচুড়া থেকে সপ্তগ্রাম, চন্দননগরে নানা কায়দায় প্রচারে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীদের। বলাগড়ে প্রচার করেছেন বিজেপির সুমনা সরকার। একাধিক এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করতে দেখা গিয়েছে পদ্মপার্টির নেত্রীকে। সপ্তগ্রামে জনসংযোগ করেছেন স্বরাজ ঘোষ, চন্দননগরে জনসংযোগ করেছেন রাজ্যনেতা তথা প্রার্থী দীপাঞ্জন গুহ। শ্রীরামপুরে প্রচার করেন ভাস্কর ভট্টাচার্য। বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে প্রচার করেছেন বামপ্রার্থীরাও। উত্তরপাড়ায় দলের রাজ্যনেত্রী তথা প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন সহযোগী দলের ডাকা মিছিলে কোতরং এলাকায় হাজির ছিলেন। পাশাপাশি, হিন্দমোটর সহ উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। বলাগড়ের বাজার এলাকায় প্রচার করেছেন বাম প্রার্থী বিকাশ গোলদার। বাঁশবেড়িয়ায় প্রচারে ছিলেন অনির্বাণ সরকার। এভাবেই রবিবার নানা কায়দার প্রচার দেখেছে হুগলি। বিতর্ক থেকে রঙিন প্রচার, কথা থেকে প্রতিশ্রুতি— দিনভর সরগরম ছিল গঙ্গাপাড়ের জনপদ।
  • Link to this news (বর্তমান)