• বালিতে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে মাথা থেঁতলে খুন, তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর নিজের তিন নাবালক পুত্রসন্তানকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। শনিবার রাতে হাওড়ার বালি জুট মিল শ্রমিক মহল্লায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাকিলা খাতুন (৩০)। অভিযুক্ত স্বামী মহম্মদ জাভেদ বালি থানায় গিয়ে ঘটনার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে খুনের মামলা রুজু করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি জুট মিলের শ্রমিক মহল্লার ২০২ নম্বর কোয়ার্টার্সে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন জাভেদ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হতো এবং তা মাঝেমাঝে মারধরের পর্যায়েও পৌঁছত। শনিবার রাতেও কাজ থেকে ফেরার পর স্ত্রীর সঙ্গে তাঁর বচসা শুরু হয় জাভেদের। ঝগড়ার এক পর্যায়ে জাভেদ স্ত্রীকে মারধর করেন এবং রাগের বশে তাঁর মাথা ঘরের দেওয়ালে ঠুকে দেন। এতে গুরুতর আঘাত পান সাকিলা। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয় বলে অনুমান।

    তখন ঘরের বাইরে ছিল দম্পতির তিন নাবালক সন্তান। তারা ঘরের ভিতরে এসে মায়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। পরিস্থিতি বেগতিক বুঝে জাভেদ সন্তানদের নিয়ে সরাসরি বালি থানায় যান এবং পুলিশকে পুরো ঘটনার কথা জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। এই মর্মান্তিক ঘটনায় হতবাক প্রতিবেশীরা।
  • Link to this news (বর্তমান)