• উদয়নারায়ণপুর থেকে উলুবেড়িয়া, রবিবার জমজমাট প্রচারে প্রার্থীরা
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: কোথাও পায়ে পায়ে বাড়ি বাড়ি ঘুরে, আবার কোথাও মন্দিরে পুজো দিয়ে চলল জনসংযোগ। কোথাও আবার কর্মিসভা বা ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিলেন তাঁরা। ভোটের দিন ঘোষণার পর দ্বিতীয় রবিবার প্রচারে এইভাবেই জনসংযোগ করলেন প্রার্থীরা। উলুবেড়িয়া থেকে উদয়নারায়ণপুর, বাগনান থেকে আমতা– জমজমাট হয়ে উঠল রবিবাসরীয় প্রচার। যদিও রাজনৈতিক দলগুলির বক্তব্য ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও নমিনেশনের পরেই জোরদার প্রচার শুরু হবে। রবিবার সকাল থেকেই খলিশানি মালপাড়ার পাশাপাশি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাঁচলা বিধানসভার সাহাপুরে গাড়িতে করে প্রচার করেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী ফরিদ মোল্লা। পাঁচলা ধুলোরবাঁধ এলাকায় কর্মিসভা করেন তৃণমূল প্রার্থী গুলশান মল্লিক। বাগনান বিধানসভার ওড়ফুলি এলাকায় প্রচার করেন শাসকদলের প্রার্থী অরুণাভ সেন। খালোড়ে প্রচারে ছিলেন সিপিএম প্রার্থী ভাস্কর রায়। উদয়নারায়ণপুরে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের পাশাপাশি একটি গণউপনয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত। আমতা বিধানসভার জয়পুরে প্রচার করার পাশাপাশি সেহাগড়ি এলাকায় কর্মিসভায় অংশ নেন তৃণমূল প্রার্থী সুকান্ত পাল। শ্যামপুরের গাদিয়াড়ায় প্রচারের পাশাপাশি কমলপুরে কর্মিসভায় অংশ নেন তৃণমূল প্রার্থী নদেবাসী জানা। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের মহেশপরে ফরোয়ার্ড ব্লক প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে মিছিল করে বামেরা।
  • Link to this news (বর্তমান)