নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রেল নিয়ে হুগলির বাসিন্দাদের ফের ভোগান্তির মুখে পড়তে হল। রিষড়ায় আন্ডারপাসের কাজ চলছে। তার জেরেই রবিবার ছুটির দিনে সমস্যায় পড়তে হল নিত্যযাত্রীদের। যদিও রবিবার যাত্রীদের ভিড় কম থাকে। সেইসঙ্গে লোকাল ট্রেনও কম চলে। আবার, রেল কর্তৃপক্ষ আন্ডারপাসের কাজের জন্য ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছিল। কিন্তু সংকট এড়ানো যায়নি। ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। সকালের দিকে ট্রেন কার্যত বন্ধ ছিল। পূর্ব ঘোষণা মতো ট্রেন বাতিলের পাশাপাশি আরও কিছু ট্রেন এদিন বাতিল করা হয়েছে। এদিন অধিকাংশ ট্রেনই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলেছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বারবার ট্রেন নিয়ে বিব্রত হতে হয়েছে হুগলির বাসিন্দাদের। কখনও রেলের কাজ, কখনও কারিগরি ত্রুটিতে ট্রেন বন্ধ— ভোগান্তিই ভবিতব্য হয়ে উঠেছে হুগলির নিত্যযাত্রীদের।
রিষড়ায় আন্ডারপাসের কাজের জন্য ট্রেন বাতিল করা হয়েছিল এদিন। এবিষয়ে নির্দেশিকা জারি করেছিল রেল। শনিবার রাত থেকেই ট্রেন বাতিল হতে শুরু করে। তাতে রাতে নিত্যযাত্রীদের বিপাকে পড়তে হয়। রবিবার সকাল থেকে তীব্র বিভ্রাটের মুখে পড়তে হয় যাত্রীদের। অভিযোগ, সকাল পৌঁনে ৭টার পর থেকে কার্যত একঘণ্টা হাওড়া-ব্যান্ডেল শাখায় কোনো ট্রেন চলেনি। হাওড়া থেকেও ট্রেন ছাড়তে অনেক দেরি হয়। এরপর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের ভোগান্তি কখনও কমেনি। উপরন্তু ঘোষিত ট্রেনগুলিও সময়ের থেকে অনেক দেরিতে ছেড়েছে। এনিয়ে রেলের তরফে বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হয়। কিন্তু তাতে ভোগান্তির সমাধান হয়নি। উলটে একাধিক এক্সপ্রেসকে সময়ে ছাড়তে গিয়ে লোকাল ট্রেনের যাতায়াত ক্ষতিগ্রস্ত হয়েছে। নিত্যযাত্রীদের অনেকেই জানিয়েছেন, ছুটির দিনে ট্রেন কম থাকে। সেখানে এদিন ট্রেন আরও কমে গিয়েছিল। সঙ্গে প্রায় একঘণ্টা দেরিতে চলেছে প্রতিটি ট্রেন। তাতেই ভোগান্তি বেড়েছে। তবে রেলের তরফে কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে এদিন ভোগান্তি কিছুটা কম হলেও ‘লাইন লাইন’ নিয়ে দুঃস্বপ্ন থাকছেই হুগলিবাসীর।