‘দাম কমেছে ১০ টাকা’, তেল নিয়ে মিথ্যা প্রচার বিজেপির
বর্তমান | ৩০ মার্চ ২০২৬
অলকাভ নিয়োগী, বিধাননগর: ‘পেট্রল ও ডিজেলের দাম কমল ১০ টাকা। ধন্যবাদ কেন্দ্রীয় সরকার।’ বিধানসভা নির্বাচনের মুখে পেট্রল-ডিজেলের দাম নিয়ে এমনই মিথ্যা প্রচার শুরু করেছে বিজেপি। মুখে মুখে প্রচার তো চলছেই। এক বিজেপি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও এই প্রচার চালাচ্ছেন। অথচ ক্রেতারা বাস্তবে এক পয়সাও কমে পাচ্ছেন না পেট্রল-ডিজেল। ওয়াকিবহাল মহল জানাচ্ছে, ভারতে পেট্রল ও ডিজেলের উপর ‘স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি’ প্রতি লিটারে ১০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তাতে সাধারণ মানুষের কোনো সুরাহা হয়নি। অথচ, তেলের দাম কমে গেল বলে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, মিথ্যা প্রচার ছাড়া বিজেপির আর কী আছে? মানুষ ওদের ভাঁওতাবাজি ধরে ফেলেছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়। ঠিক হয়, পেট্রল ও ডিজেলে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি প্রতি লিটারে ১০ টাকা করে কমানো হবে। ফলে এখন থেকে পেট্রলে এই শুল্ক দাঁড়াচ্ছে প্রতি লিটারে ৩ টাকা। ডিজেলের ক্ষেত্রে এই শুল্ক ছিল প্রতি লিটারে ১০ টাকা। অর্থাৎ, ডিজেলের ক্ষেত্রে আর দিতে হবে না এই শুল্ক। কিন্তু এতে সাধারণ ক্রেতাদের লাভ কোথায়! বিশেষজ্ঞরা বলছেন, এতে পেট্রল-ডিজেলের দাম কমবে না। তাই মানুষের কোনো সুরাহাও হচ্ছে না।
এই আন্তঃশুল্ক কমানো নিয়েই বিজেপি নির্বাচনি প্রচারে নেমে পড়ছে। রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হয়েছেন তরুণজ্যোতি তেওয়ারি। তিনি সোশ্যাল মিডিয়ায় মোদির ছবি দিয়ে লিখেছেন, ‘পেট্রল ও ডিজেলের দাম কমল ১০ টাকা। ধন্যবাদ কেন্দ্র সরকার।’ তাঁর পোস্টেই অবশ্য বহু মানুষ এর প্রতিবাদ করেছেন। প্রিয়ব্রত দত্ত নামে একজনের প্রশ্ন, ‘কোথায় কোথায় কমেছে?’ সঞ্জীব দত্ত নামে একজন লিখেছেন, ‘দাম কমেনি। ভুল বকছেন। আন্তঃশুল্ক কমেছে। মানে তেল কোম্পানিগুলোকে ওই ১০ টাকা শুল্ক কম করেছে। পাম্পে দাম একই আছে। পাবলিকের লাভ হয়নি।’
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘দেশজুড়ে স্বস্তির হাওয়া! বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতিতে পেট্রলের লিটারপ্রতি আন্তঃশুল্ক ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা এবং ডিজেলের উপর থেকে আন্তঃশুল্ক তুলে নিল মোদি সরকার।’ এতে সাধারণ মানুষের কী লাভ হল, তার ব্যাখ্যা অবশ্য দেননি শমীক। রাজু পাল নামে একজন সেই পোস্টের নীচে মন্তব্য করেছেন, ‘পেট্রল পাম্পে কত টাকা করে কমল শমীকবাবু? মিথ্যে আর কত বলবেন?’ এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তেওয়ারি বলেন, ‘আন্তঃশুল্ক কমানোর জন্যই তো পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। অন্যান্য রাজ্যের মতো তেলের দাম এখানেও কমান মমতা বন্দ্যোপাধ্যায়।’