• অরূপ-ববি থেকে সুজিত, রবিবার ঘরে ঘরে প্রার্থী
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডান-বাম সব পক্ষই রাজ্যের সিংহভাগ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। প্রচারও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। আর কে না জানে, প্রচারে ঝড় তোলার জন্য রবিবারগুলি সব প্রার্থীর কাছেই মহার্ঘ। কলেজপড়ুয়া থেকে চাকুরিজীবী, অন্যান্য পেশাজীবী—বেশিরভাগ মানুষই রবিবার বাড়িতে থাকেন। সেই সুযোগে ভোট চাইতে দুয়ারে পৌঁছে যান প্রার্থী। ঝালিয়ে নিতে পারেন জনসমর্থন। এর কোনো ব্যতিক্রম ঘটেনি এই রবিবারও! ‘হেভিওয়েট’ থেকে নবাগত —সব প্রার্থীই চুটিয়ে প্রচার সারলেন দিনভর। 

    ভবানীপুর কেন্দ্রের অধীনে ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ফিরহাদ হাকিম। গত কয়েক দিনের মতো এদিনও এখানকার দলীয় প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নিজের ওয়ার্ডে প্রচার চালান। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস থেকে বিধাননগরের সুজিত বসু—কেউ পায়ে হেঁটে সারলেন জনসংযোগ। কেউ আবার ব্যস্ত রইলেন বর্ণাঢ্য রোড শোয়ে। পিছিয়ে ছিলেন না বিরোধী প্রার্থীরাও। 

    সকালে নেতাজিনগর-বাঁশদ্রোণী এলাকার ৯৮ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন অরূপ বিশ্বাস। নেতাজিনগর কলোনিতে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। ওই ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলার মৃত্যুঞ্জয় চক্রবর্তীর বাড়িতেও যান তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলার অরূপ চক্রবর্তীও। তাঁরা প্রাক্তন কাউন্সিলারের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। পালটা শুভেচ্ছা জানান মৃত্যুঞ্জয়বাবুও। এই অঞ্চলে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মিটে যাওয়ায় খুশি মানুষ। প্রচারে সেই খুশির ছোঁয়াই পেয়েছেন অরূপবাবু। বিকালের দিকে ৯৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন তিনি।

    এদিন সল্টলেকের ২ নম্বর গেট থেকে বৈশাখী পর্যন্ত বর্ণাঢ্য রোড শো করেন বিধাননগরের জোড়াফুলের প্রার্থী সুজিত বসু। হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তিনি। বর্ণাঢ্য মিছিলে আম জনতার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এদিন থেকেই বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। সকালে রতনবাবুর ঘাট অঞ্চলের রামকৃষ্ণ সমাধি প্রাঙ্গণে আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন অতীন। বিকালে বেলগাছিয়া, পাইকপাড়ায় বাড়ি বাড়ি প্রচার চালান। গিরিশ পার্ক অঞ্চলের ২৬ নম্বর ওয়ার্ডে প্রচার চালান শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। জোড়াসাঁকোর বাম প্রার্থী ভরতরাম তিওয়ারিও এদিন জনসংযোগ সারেন। গণেশচন্দ্র অ্যাভিনিউ এলাকায় প্রচার চালান চৌরঙ্গীর তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। 

    এদিন সকালে বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম ফার্ন রোড এবং মতিলাল নেহরু রোডে বাড়ি বাড়ি প্রচার করেন। সন্ধ্যায় তিনি রাইফেল রেঞ্জ রোডে প্রচার সারেন। টালিগঞ্জের সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস আতাবাগান এলাকায় প্রচার করেন। কসবার সিপিএম প্রার্থী দীপু দাস প্রচার চালান শহিদনগর এলাকায়। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় এদিন সাতসকালে দেশবন্ধু পার্কে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে জনসংযোগ করেন। 
  • Link to this news (বর্তমান)