• তুঘলকি! রাজ্যজুড়ে বদলি ৮৩ বিডিও
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের প্রকাশ্যে কমিশনের তুঘলকি! রাজ্যে একের পর এক আধিকারিকের বদলি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার রায়দান স্থগিত রয়েছে। আর তার মধ্যেই এবার একলপ্তে রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে (এআরও) সরিয়ে দিল নির্বাচন কমিশন। সেইসঙ্গে কমবেশি বাংলার সব জেলার আইসি, ওসি এবং ডিআইবি স্তরে মোট ১৫৩ জন পুলিশ আধিকারিককে বদলি করেছে কমিশন। 

    ভোট ঘোষণার দিনই রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিক মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে শুরুটা করেছিল কমিশন। তারপর একে একে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে একঝাঁক জেলাশাসক—রাজ্য প্রশাসনের খোলনলচে বদলে দিয়েছে কমিশন। আর সেই ধারাই অব্যাহত। রবিবার বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের ৮৩ জন বিডিও তথা সহকারী রিটার্নিং অফিসার এবং পুলিশ আধিকারিকদের সরানো হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, হাইভোল্টেজ আসন নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ সবচেয়ে বেশি সংখ্যক (১৪ জন) বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। সরানো হয়েছে নন্দীগ্রামের ওসিকেও। বিডিও বদলির নিরিখে তারপরই রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা (১১ জন)। বাদ যায়নি অন্য জেলাগুলিও। উত্তর ২৪ পরগনায় সাত, নদীয়ায় পাঁচ, হুগলিতে চার, হাওড়ায় একজন, দুই বর্ধমানে আট এবং বীরভূম ছ’জন বিডিওকে বদলি করেছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গের চার জেলা কোচবিহার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর মিলিয়ে মোট ৯ জনকে বদলি করা হয়েছে। এছাড়াও মালদহে ছ’জন, মুর্শিদাবাদে চারজনকে সরিয়ে দিয়েছে কমিশন। বদলির তালিকায় রয়েছেন জঙ্গলমহলের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার ৯ জন আধিকারিক। 

    বিশেষজ্ঞদের দাবি, সাধারণত কোনো বিষয় বিচারাধীন থাকলে, সেটি নিয়ে বিচারবিভাগীয় সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করাটাই দস্তুর। কিন্তু সে পথে হাঁটছে না কমিশন। যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, তাই নিজেদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে মনে করছে তারা। ধার ধারছে না আদালতের রায়দানেরও। 
  • Link to this news (বর্তমান)