• ৪ হাজার টাকা নিয়ে বচসার জেরে মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন হাতে কাজ নেই। তাই স্ত্রীর থেকে চার হাজার টাকা চেয়েছিলেন স্বামী। কিন্তু, সেই টাকা দিতে রাজি হননি গৃহবধূ। সেই আক্রোশের বশে ঘুমের মধ্যেই স্ত্রীকে ছুরির এলোপাথাড়ি কোপে ফালাফালা করে দিলেন যুবক। মায়ের নৃশংস হত্যার সাক্ষী থাকল একমাত্র কন্যা। তার চোখের সামনেই মাকে কোপাল বাবা। মৃত গৃহবধূর নাম স্বপ্না সিং (৪২)। রবিবার ভোর ৪টে নাগাদ কসবার বোসপুকুরে নৃশংস খুনের ঘটনাটি ঘটে। এরপরেই চম্পট দেয় অভিযুক্ত। তদন্ত নেমে মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। লালবাজার জানিয়েছে, ধৃতের নাম বিনোদ সিং (৪৫)। তাঁর মেয়ে থানায় খুনের অভিযোগ করে। তার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিনোদ বিভিন্ন গ্রিল কারখানায় কাজ করতেন। তাঁর স্ত্রী পরিচারিকার কাজ করেন। গত পাঁচ মাস ধরে কাজ পাচ্ছিলেন না বিনোদ। তাই খরচ চালানোর জন্য স্ত্রীকে চাপ দিচ্ছিলেন তিনি। এলাকাবাসীদের অভিযোগ, বিনোদ নেশা করতেন। কাজ না থাকায় স্ত্রীর কাছ থেকে টাকা চাইতেন তিনি। সেই টাকা দিতে চাননি স্বপ্না। তাঁর মেয়ে মাদু সিংয়ের দাবি, সম্প্রতি মায়ের উপর টাকার জন্য অত্যাচার চালাচ্ছিল বাবা। রাজ্যের বাইরে কাজের খোঁজে যাওয়ার জন্য মায়ের থেকে চার হাজার টাকা চায় বাবা। কিন্তু মা দিতে চায়নি। সেকারণে শনিবার রাতে দু’জনের মধ্যে তুমুল বিবাদ হয়। ভোর চারটে নাগাদ গোটা পাড়া যখন ঘুমে আচ্ছন্ন, তখনই রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে ঘুমন্ত স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন বিনোদ। আর্তনাদ শুরু করেন স্বপ্না। আচমকাই মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়ে একাদশ শ্রেণির পড়ুয়া মাদু। তিনি দেখেন, বাবা ঘর থেকে পালিয়ে যাচ্ছে। আর ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করছে মা। 

    তাঁর আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা। তাঁরাই গৃহবধূকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় স্বপ্নাকে। সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। স্বপ্না সিংয়ের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে চিকিৎসকদের ইঙ্গিত, ৫-৬ বার নৃশংসভাবে কোপানো হয়। পুলিশ জানিয়েছে, মাদুর বয়ান রেকর্ড করা হয়েছে। তিনিই ঘটনার প্রত্যক্ষদর্শী। তাঁর বয়ানের ভিত্তিতেই বিনোদ সিংয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ছুরিটিও।
  • Link to this news (বর্তমান)