রবিবার জমাটি প্রচার শাসক-বিরোধী প্রার্থীদের, শুনলেন আমজনতার দাবি
বর্তমান | ৩০ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার দিনভর প্রচার করলেন শাসক সহ বিরোধী দলের প্রার্থীরা। কেউ পায়ে হেঁটে তো কেউ টোটোয় চড়ে। কোনও প্রার্থী সারলেন কর্মিসভা। এদিন বারাসত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া পঞ্চায়েতের তিনটি বুথ এলাকায় ঘুরে প্রচার সারেন বারাসতের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি কথা বলেন গ্রামের মানুষের সঙ্গে। গত লোকসভা নির্বাচনে ছোট জগুলিয়া পঞ্চায়েতের ভোটাররা উজার করে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। বারাসত পুরসভা এলাকায় দলের কর্মীদের নিয়ে বৈঠক শেষ করে এদিন সকালে ছোট জাগুলিয়া পঞ্চায়েতের ৪, ৫ ও ১০ নম্বর বুথের বামুনগাছির কুলবেড়িয়া এলাকায় ঘুরে প্রচার করেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। সঙ্গে ছিলেন পঞ্চায়েত প্রধান অমল দাস।
স্থানীয় বাসিন্দারা নিকাশি নালা থেকে বাংলার বাড়ির দাবি করেন। সব্যসাচী বলেন, ভোটে জেতার পর পঞ্চায়েত প্রধান ও সদস্যদের সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত এলাকা সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায় এদিন সকালে বারাসতের হরিতলায় প্রচার করেন। সন্ধ্যায় বারাসত শহরেও প্রচার করেন তিনি। অশোকনগর শহরে এদিন প্রচার করেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক এলাকায় মহিলা সংগঠনের নেত্রীদের নিয়ে বৈঠক করেন। পাশাপাশি চলে জনসংযোগের জন্য পথসভা।
এই বিধানসভার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল অবশ্য এদিন দিনভর গ্রামে প্রচার সারেন। তিনি বলছেন, এলাকায় কোনো উন্নয়ন হয়নি। তাই মানুষ তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। এদিন বিকেলে দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের রায়পুর বাজার ফুটবল মাঠ থেকে মিছিল করেন তৃণমূলের প্রার্থী আনিসুর রহমান ওরফে বিদেশ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং প্রার্থীর কাটআউট নিয়ে এলাকার মহিলারা মিছিলে অংশ নেন। এদিকে দেগঙ্গার আইএসএফ প্রার্থী মফিদুল হক সাহাজি কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন। তাঁর বক্তব্য, এবার দেগঙ্গার মানুষ পরিবর্তন চাইছেন। যেভাবে এখানে সিন্ডিকেট রাজ চলছে মানুষ তার বিহিত চাইছেন। পালটা তৃণমূল প্রার্থী বিদেশের দাবি, খাম এবার খুলবে না দেগঙ্গায়।