• শ্যুটিংয়ে দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে মৃত্যু রাহুলের
    বর্তমান | ৩০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীঘার কাছে তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। বয়স হয়েছিল ৪৩ বছর। রবিবার এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল। রবিবার সকালে বেশ কয়েকজন অভিনেতার প্যাক আপ হয়ে যায়। তবে রাহুল সহ আরও কয়েকজনের শ্যুটিং বাকি থাকায় থেকে গিয়েছিলেন। বিকেল তিনটে নাগাদ শ্যুটিংয়ের ফাঁকে তিনি নৌকায় চড়েছিলেন বলে শোনা গিয়েছে। সেই সময় আচমকা নৌকা থেকে পড়ে যান। তারপর দীর্ঘক্ষণ তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। সংকটজনক অবস্থায় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার সন্দীপকুমার বাগ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই রাহুলের মৃত্যু হয়।’ যদিও ধারাবাহিকের এগজিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী বলেন, ‘আমি কলকাতায়। পুরো বিষয়টা ফোনে শুনলাম। গোড়ালি অবদি জলে একটা ড্রোন শট চলছিল। তখন রাহুল একটু এগিয়ে যায়। আচমকা একটা বড় ঢেউ এসে পড়ায় রাহুল পড়ে যায়। টেকনিশিয়ানরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ সূত্রের খবর, সমুদ্রের নামার আগে নাকি বুকে ব্যথা করছে বলে জানিয়েছিলেন অভিনেতা। সোমবার সকালে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় জানান, আজ সোমবার রাহুলের দেহ ফিরবে কলকাতায়। তারপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এদিন শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘রাহুলের চলে যাওয়াটা বাংলার অভিনয় জগতের জন্য, টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

    অভিনয় পরিমণ্ডলেই রাহুলের জন্ম এবং বেড়ে ওঠা। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ‘বিজয়গড় আত্মপ্রকাশ’ নাট্যদলের পরিচালক। সেই সূত্রে শৈশবে নাটকের মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। এরপর বহু নাটকে অভিনয় করেছেন। রবি ওঝার ধারাবাহিক ‘খেলা’তে রাহুলের অভিনয় দর্শক মনে দাগ কাটে। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ। পরিচালক রাজ চক্রবর্তী রবিবার বলেন, ‘ইন্ডাস্ট্রির সকলেই শোকস্তব্ধ। মেনে নেওয়া যাচ্ছে না।’ এই ছবি থেকেই রাহুল নিজস্ব পরিচয় তৈরি করেন ইন্ডাস্ট্রিতে। বিপরীতে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধেন অভিনেতা। তাঁদের পুত্র সন্তান সহজ। ২০১৭ সালে প্রিয়াঙ্কার সঙ্গে বিচ্ছেদ হয় রাহুলের। কিন্তু পরবর্তীতে ছেলের কথা ভেবে তাঁরা একসঙ্গে থাকছিলেন। ‘জ্যাকপট’, ‘যকের ধন’, ‘ব্যোমকেশ ফিরে এলো’, ‘জুলফিকার’ রাহুলের কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় কাজ করেছেন সমানতালে। ‘তুমি আসবে বলে’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’, ‘হরগৌরী পাইস হোটেল’-এর মতো বহু ধারাবাহিকে তাঁর অভিনয় মনে রাখবেন দর্শক। কাজ করেন ওয়েব সিরিজেও। বিভিন্ন মাধ্যমে তাঁর সাবলীল অভিনয়ে অনুরাগীরা বারবার মুগ্ধ হয়েছেন। কেবল অভিনয়ই নয়, তাঁর লেখনীও অপূর্ব। লিখেছেন বইও। সম্প্রতি রাহুলের ‘সহজ কথা’ পডকাস্টও সমাজমাধ্যমে সমাদৃত এবং জনপ্রিয়। জানা গিয়েছে, দীঘা মোহনা কোস্টাল থানায় এনিয়ে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করবে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। বাম রাজনীতিতে বিশ্বাসী রাহুলের সকলের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।

    শোকবার্তা

    রাহুলদার মতো ভালো মানুষ খুব কম হয়। শুধু অভিনয় নয়। কত গুণ ছিল।‌ আমি নিজেই ওর পডকাস্টে গিয়েছিলাম। অবিশ্বাস্য মনে হচ্ছে।
    শ্রাবন্তী চট্টোপাধ্যায়

    জীবন এত অনিশ্চিত! চারদিন আগে ওর সঙ্গে শেষ কথা হয়েছিল। ভাবতেও পারছি না।
    বিদীপ্তা চক্রবর্তী

    ওকে টেলিভিশনের প্রথম দিন থেকে চিনি। ছোট ভাইয়ের মতো। এত ভালো মানুষ। এটা কী হল?
    জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

    শনিবার রাতেই আমাদের বলল, মদ্যপান ছেড়ে দিয়েছে। রবিবার দুপুরে আমাদের কয়েকজনের প্যাকআপ হয়ে যায়। তবে রাহুল সহ অন্যান্য কয়েকজনের সোমবার শ্যুটিং ছিল। ফলে ওরা থেকে যায়। কলকাতায় ফেরার পথে খবরটা শুনলাম। কী করে ঘটল সত্যিই বুঝতে পারছি না।
    ভাস্কর বন্দ্যোপাধ্যায়

    শকিং। কী বলব রাহুলদাকে নিয়ে? বেশ কয়েকটা কাজ একসঙ্গে করেছি। মেনে নিতে পারছি না।
    সন্দীপ্তা সেন
  • Link to this news (বর্তমান)