ইনস্টাগ্রামে আলাপ হওয়া এক যুবকের টানে ঘর ছেড়েছিলেন চার সন্তানের জননী। তবে সন্তানদের অনুরোধে অবশেষে বাড়িতে ফিরে এলেন তিনি। উত্তরপ্রদেশের ক্যাম্পিয়ারগঞ্জ থানা এলাকার ঘটনা। গত ১০ দিন ধরে নিখোঁজ থাকার পরে রবিবার পুলিশ ওই মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে। সন্তানদের আবেগঘন আবেদন এবং পুলিশের মধ্যস্থতায় ওই মহিলা নিজের ভুল বুঝতে পেরে পুনরায় সংসারে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘটনার সূত্রপাত প্রায় ১০ দিন আগে। ক্যাম্পিয়ারগঞ্জের বাসিন্দা ওই মহিলা মনিরাম এলাকার এক ২৮ বছর বয়সি যুবকের সঙ্গে পালিয়ে যান। তাঁদের মধ্যে ইনস্টাগ্রামে বন্ধুত্ব হয়েছিল এবং পরে তা প্রেমের রূপ নেয়। পরিবারের কাউকে কিছু না জানিয়েই তিনি ঘর ছেড়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পরে পরিবার জানতে পারে যে, পিপিগঞ্জ এলাকায় একটি ভাড়া বাড়িতে ওই যুবকের সঙ্গে থাকছেন তিনি। শনিবার স্বামী ও চার সন্তান সেখানে পৌঁছে তাঁকে ফিরে আসার জন্য অনুরোধ করেন।
প্রথমে ওই মহিলা ফিরে আসতে রাজি হননি। তিনি তাঁর প্রেমিকের সঙ্গেই থাকার জেদ ধরেন। পরিস্থিতি জটিল হওয়ায় পিপিগঞ্জ থানার পুলিশ সেখানে পৌঁছয়। পুলিশ স্টেশনে উভয় পক্ষকে নিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা চলে। থানার আইসি অরুণ কুমার সিংয়ের উপস্থিতিতে চলে দীর্ঘ বোঝাপড়া।
সন্তানদের কান্নাকাটি এবং পরিবারের বড়দের কথা শুনে শেষ পর্যন্ত ওই মহিলার মন পরিবর্তন হয়। তিনি নিজের ভুল বুঝতে পেরে বাড়ি ফিরতে রাজি হন। পুলিশ জানিয়েছে, বিষয়টি শান্তিপূর্ণ ভাবে মিটেছে। ওই মহিলা এখন তাঁর পরিবারের সঙ্গেই রয়েছেন।