আজকাল ওয়েবডেস্ক: চেনা মেজাজে হাত শিবির। প্রার্থী ঘোষণার পরই তা প্রত্যাহারের দাবিতে কংগ্রেসে তুমুল বিক্ষোভ!
ঘটনা মালদার চাঁচলের। আসন্ন বিধানসভা ভোটের জন্য রবিবার সন্ধ্যায় ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব। তার কয়েক ঘন্টার মধ্যেই দলীয় কার্যালয়, সেখানকার চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। দলীয় কার্যলয়ের বাইরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান কংগ্রেস কর্মী, সমর্থকরা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়।
চাঁচল বিধানসভার কংগ্রেস প্রার্থী হিসেবে আসিফ মেহেবুবের নাম ঘোষণাকে কেন্দ্র করে দলের একাংশ কর্মী-সমর্থকরা অসন্তুষ্ট। বিক্ষুব্ধরা প্রার্থী বদলের দাবিতে সরব হন। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, দলীয় দপ্তর ভাঙচুরের অভিযোগ উঠেছে বিক্ষুব্ধদের বিরুদ্ধে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মালদহের চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি তৎপরতায় উত্তেজনা নিয়ন্ত্রণে আসে।
চাঁচল বিধানসভায় কংগ্রেস প্রার্থী করেছে আসিফ মেহবুবকে। তাঁকে মানতে নারাজ কংগ্রেস কর্মীদের একাংশ। তাদের দাবি আসিফ মেহবুব এর জায়গায় আনজারুল হককে প্রার্থী করতে হবে। যদিও জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরী বলেন, "প্রার্তী ঘোষণার পর দলই এই ধরনের ঘটনা ঘটে। সমস্যা মিটে যাবে।"
রবিবার সন্ধ্যায় ২৮৪ জনের তালিকা প্রকাশিত হয়েছে। বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী লড়ছেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রদীপ প্রসাদ। ডোমকলে আইপিএস হুমায়ুন কবীরের বিরুদ্ধে লড়বেন কংগ্রেস নেত্রী শাহনাজ বেগম। জলঙ্গিতে স্থানীয় প্রার্থী আব্দুর রাজ্জাক এবারের লড়ছেন। নওদায় দলের প্রার্থী মতিউর রহমান। রানীনগরের দলের প্রার্থী জুলফিকার আলি। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র প্রার্থী হয়েছেন। মালদার মালতীপুরে লড়ছেন কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। নদীয়ার করিমপুরের অভিনেতা সোহমের বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের পূজা রায় চৌধুরী।
প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, বীরভূম সহ বেশ কিছু জেলায় বিশেষ নজর দিচ্ছে দল। এইসব জেলায় দলের শক্ত সংগঠন রয়েছে বলে মনে করা হচ্ছে। লড়াইয়ে ছাপ ফেলতে দলের প্রাক্তন বিধায়কদের পাশাপাশি লড়াকু নেতাদের টিকিট দিয়েছে হাত শিবির।