• ভোটার তালিকা থেকে নাম বাদ, মিনাখাঁ থেকে জয়নগর বিক্ষোভ গ্রামবাসীদের
    এই সময় | ৩০ মার্চ ২০২৬
  • এখনও পর্যন্ত চারটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। ভোট দিতে পারবেন কি না তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সোমবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় এবং দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে প্রতিবাদে সামিল হন নাম বাদ যাওয়া ভোটাররা।

    উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ বিধানসভার ধুতুরদাঁও গ্রাম পঞ্চায়েতের শঙ্করদহ গ্রামে ২৪২ ও ২৪৩ নম্বর বুথে ৩৯৫ জনের নাম বাদ গিয়েছে। গ্রামবাসীদের দাবি, সঠিক নথিপত্র জমা দেওয়ার পরেও ‘বিচারাধীন’ ছিলেন তাঁরা। পরে নাম ডিলিট করে দেওয়া হয়।

    গ্রামবাসী আলি আহমেদ খান বলেন, ‘আমরা ১৯১৮ সাল থেকে এখানকার বাসিন্দা। তার পরে একের পর এক নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেছি। তার পরেও আমাদের নাম বিচারাধীন তালিকায় রেখে ডিলিট করে দেওয়া হয়েছে।’

    অন্য দিকে, জয়নগর ২ ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েতের বামনের চক ২৫২ নম্বর বুথে মোট ১০৫৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে ১৫৪ জন মহিলা এবং ১৩২ জন পুরুষ। স্থানীয়দের দাবি, বাদ পড়া প্রত্যেকেই বৈধ ভোটার এবং বেআইনি ভাবে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

    এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বেলে রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের সামনের সারিতে ছিলেন মহিলারা। তাঁদের অনেকেই ঝাঁটা ও জুতো হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।

  • Link to this news (এই সময়)