• একই দিনে ২৬৭ জন বিডিও, ওসি বদল, হাইকোর্টে দায়ের হলো মামলা
    এই সময় | ৩০ মার্চ ২০২৬
  • একের পরে এক সচিব, আধিকারিক, ওসি, বিডিও বদল নির্বাচন কমিশনের (Election Commission of India)। যা নিয়ে দিল্লির সঙ্গে সংঘাতে রাজ্য। এরই মধ্যে রবিবার সন্ধেয় একলপ্তে রাজ্যের ১৭৩টি থানার ওসি এবং আইসি বদলির নির্দেশ জারি করে কমিশন। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ আধিকারিককে সরানোর নির্দেশ দেওয়া হয়। সে দিন দুপুরেই ১৮ জেলার ৮৩ জন BDO বদলের নির্দেশ দেওয়া হয়। ওসি থেকে বিডিও, একইদিনে রাজ্যের ২৬৭ জন আধিকারিক বদলি করে কমিশন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করতে আদালতে দায়ের হলো মামলা। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

    প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি দ্রুত শুনানির আবেদনও জানান। এ দিন মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারই মামলার শুনানির সম্ভাবনা।

    গত ১৫ মার্চ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হয়েছে। ভোট ঘোষণা হতেই মডেল কোড অব কনডাক্ট চালু হয়েছে রাজ্যে। ওই দিন থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি থেকে শুরু করে বিভিন্ন জেলায় DM-SP দের সরিয়ে দেওয়া শুরু করে কমিশন। সরানো হয় ওসি থেকে বিডিও।

    এই ভাবে একলপ্তে এতজন আধিকারিককে সরানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে রাজ্যের শাসকদল তৃণমূল। যদিও গত শনিবার কলকাতায় এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে যান, আধিকারিকদের রদবদলে কোনও অস্বাভাবিকতা নেই। ভোটমুখী রাজ্যে এমনটা খুবই স্বাভাবিক ঘটনা। যদিও এ ভাবে ঝাঁকে ঝাঁকে আধিকারিক বদল খুব একটা দেখা যায় না। এ বার সেই ঘটনাকে সামনে রেখে হাইকোর্টে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)