তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সোমবার ময়নাতদন্ত হবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee)। সকালেই হাসপাতালে যান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা। তিনি জানান, রাহুলের পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ তাঁদের কাছে জমা পড়েনি। তবে পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। ওডিশা পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই আপাতত এগোচ্ছে তদন্ত প্রক্রিয়া।
১. অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে দিঘা থানায়। ময়নাতদন্তের রিপোর্টের উপরে ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ করা হবে। ওডিশা পুলিশের সঙ্গেও কথা হয়েছে। যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। বাকি যা সহযোগিতা লাগবে, ওডিশা পুলিশ তা করবে বলে আশ্বাস দিয়েছে।
২. শুটিংয়ের একটি ফুটেজ পুলিশের হাতে এসেছে। এসপি বলেন, ‘আমরা একটা ফুটেজ পেয়েছি। পরবর্তী কী পদক্ষেপ, আমরা জানিয়ে দেবো। তদন্ত নিয়ে এখনও বলার মতো পরিস্থিতি হয়নি। শেষ যখন তাঁকে (রাহুল) দেখা গিয়েছে জলে, সেই পর্যন্ত ফুটেজ আমরা পেয়েছি।’
৩. ফুটেজের মধ্যে লাইফ সেভিংয়ের কোনও বন্দোবস্ত দেখা যায়নি। আরও তদন্ত করলে বিষয়টি জানা যাবে।
৪. সাংবাদিকরা জানতে চান, রাহুলকে যখন উদ্ধার করা হয়, তখনও কি তিনি বেঁচে ছিলেন? এসপির বক্তব্য, ‘আমরা এই মুহূর্তে তা নিশ্চিত বলতে পারছি না।’
রবিবার সন্ধেয় খবর আসে তালসারিতে শুটিংয়ে গিয়ে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলছিল। সেখানেই সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের।
এই সময় অনলাইনের সাংবাদিক তথাগত সেনগুপ্তকে রবিবার এই ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল জানান, শনিবারও এখানে শুট ছিল তাঁদের। রবিবার তালসারিতে গোড়ালি ডোবা জলে দাঁড়িয়েছিলেন সিরিয়ালের অভিনেত্রী শ্বেতা ও রাহুল। পরিচালকের কথায়, ‘শ্বেতা-রাহুলদা নিজেদের মধ্যে জল ছোড়াছুড়ি করছিল, লুকোচুরি খেলছিল। আমরা পিছন দিক থেকে ক্যামেরা ধরেছিলাম। রাহুলদা শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। প্রায় হাঁটু পর্যন্ত জলে পৌঁছে ও একটু ডিসব্যালান্সড হয়ে যায়। আমরা চিৎকার করে দূরে যেতে বারণ করি। ততক্ষণে জল রাহুলদার গলা পর্যন্ত উঠে এসেছে। হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। সব ফেলে ইউনিটের ১০-১২ জন ওর দিকে এগিয়েও যাই। কিন্তু মুহূর্তের মধ্যে ও তলিয়ে যেতে থাকে। সম্ভবত অনেকটা জলও খেয়ে ফেলেছিল।’
পরিচালক জানান, এর পরে ইউনিটের লোকজন ছুটে যান। আশেপাশের নৌকা থেকে দড়ি ফেলে রাহুলকে তুলে আনা হলে, তখনও জ্ঞান ছিল অভিনেতার। গাড়ি করে দ্রুত তাঁকে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।