বীরভূম জেলার সিউড়ির খয়রাশোল বিডিও অফিসের এক কর্মীর দেহ উদ্ধার। মৃত কর্মীর নাম অরূপ পাঁজা (৫৫)। নিজের বাড়ির কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছেন সিউড়ি থানার পুলিশ।
বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা অরূপ পাঁজা। খয়রাশোল বিডিও অফিসে কাজ করতেন। গতকাল রাত্রে প্রায় ১টা নাগাদ অফিস থেকে বাড়ি ফেরেন তিনি। পরিবারের দাবি, মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন অরূপ। সোমবার সকালে বাড়ির সামনের কুয়োয় ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
মৃতের স্ত্রী রেনুকা পাঁজা বলেন, ‘বিডিও আমার স্বামীর উপর মানসিক নির্যাতন করতেন। এর আগেও একবার আমার স্বামী অফিসেই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। অফিস থেকে সবাইকে ছেড়ে দিলেও আমার স্বামীকে ছাড়তেন না। প্রচণ্ড কাজের চাপ ডিপোয় হতো। গতকাল রাতেও একটার সময় বাড়ি এসেছিল স্বামী।’
অভিযোগ সম্পর্কে বিডিও সৌমেন্দু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। বীরভূমের জেলাশাসক ধবল জৈন জানান, পুলিশের রিপোর্ট কিছু আসেনি। রিপোর্ট এলে বিষয়টি দেখা হবে।