• গ্যাস পাওয়া যাচ্ছে না, কাঠের জ্বালানিতেই ভরসা তমলুক মেডিক্যালের ক্যান্টিনের
    এই সময় | ৩০ মার্চ ২০২৬
  • রান্নার গ্যাসের টানাটানি। বুকিং করলে কবে যে পাওয়া যাবে, কেউই নির্দিষ্ট করে বলতে পারছেন না। এ দিকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের ক্যান্টিনে নিয়মিত বহু মানুষের রান্না হয়। গ্যাস সঙ্কটে কাঠের জ্বালানিতে ভরসা করতে হচ্ছে। আর তাতেই বিপাকে কর্মীরা। কাটছাঁট করা হচ্ছে মেনুও।

    গ্যাসের সঙ্কটের কারণে এ বার কাঠের জ্বালানির উপরে ভরসা তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের ক্যান্টিনে। ব্রেকফাস্ট থেকে সারাদিনের খাবারের মেনুতে কাটছাঁটও করা হয়েছে। তবে, মেনু কমালেও আরও এক সমস্যা থেকে গিয়েছে। গ্যাসে রান্না করার ক্ষেত্রে ধোঁয়ার সমস্যা হচ্ছে। ফলে বাইরে রান্না করতে হচ্ছে। সমস্যায় ক্যান্টিনের কর্মীরা।

    তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের স্টাফ ও পড়ুয়া-সহ প্রতিদিন প্রায় ৬০০-৭০০ জনের রান্না করা হয়। আর সেই রান্নার জন্য প্রতিদিন চারটি করে গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। সেক্ষেত্রে দু’টি করে গ্যাস পাওয়া যাওয়ায় বেশ সমস্যা হচ্ছিল। তাই সোমবার ক্যান্টিনের সামনে অস্থায়ী তাঁবু করে দু’টি মাটির উনুন ও দু’টি টিনের উনুনে কাঠ দিয়ে রান্না শুরু হয়েছে।

    ক্যান্টিনের রন্ধনকর্মী অর্পণ মাইতি বলেন, গ্যাসের সঙ্কটের কারণে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের স্টাফ ও পড়ুয়াদের ব্রেকফাস্ট থেকে মেন মেনুতে কিছু কাটছাঁট করা হয়েছে। কত দিন এই ভাবে চালাতে পারব জানি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও বিষয়টি এনেছি। কবে এই সঙ্কট মিটবে, তার অপেক্ষায় আমরা।

    ক্যান্টিনের আর এক কর্মী স্বপন ভক্তা জানান, গ্যাসের সঙ্কটের কারণে কাঠের উনুনে রান্না করতে হচ্ছে। কিছু মেনু গ্যাসে হচ্ছে। ভাত, সব্জি রান্না করা হচ্ছে কাঠের জ্বালানিতে। খুবই সমস্যা হচ্ছে।

  • Link to this news (এই সময়)