চৈত্রের শেষ থেকেই বাংলায় দাপট দেখাতে শুরু করবে গরম। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট বলছে, মঙ্গলবার পর্যন্ত শহরে আংশিক মেঘলা আকাশ, সঙ্গে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। তারপর বুধবার থেকেই বাড়বে গরমের দাপট। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও। ফলে, ক্যালেন্ডারে গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই, গরমের দাপটে যে নাজেহাল হতে চলেছেন বঙ্গবাসী, তা সহজেই অনুমান করা যাচ্ছে।
সোমবার সকালের দিকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় সামান্য মেঘলা আকাশ দেখা গেলেও, বেলা বাড়তেই রোদের তেজ বেড়েছে। অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে শহরে। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হবে, বাড়বে অস্বস্তিও। সোমবার শহরে বৃষ্টির সম্ভবনা না থাকলেও, মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। আর তারপর থেকেই বাড়বে গরম। সপ্তাহান্তেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রির ঘরে।
সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বুধবার থেকে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে পশ্চিমাঞ্চলে ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছতে পারে তাপমাত্রা।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে মেঘ কেটে আবহাওয়ার উন্নতি হতে পারে।