সোমবার দিনেদুপুরে এক যুবককে ছুরি মেরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় হুগলির পাণ্ডুয়ায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চার দুষ্কৃতী। আক্রান্ত যুবকের নাম সোমনাথ বাউল দাস (২১)। তিনি পাণ্ডয়ার জামগ্রাম মণ্ডলাই গ্রাম পঞ্চায়েতের ভোটগ্রাম এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে খবর, বাড়িতে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের জন্য পাণ্ডুয়া কালনামো সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন সোমনাথ। সেখান থেকে ৩ লক্ষ টাকা তুলে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পথে সরাই গ্রামে ঢুকতেই ফাঁকা রাস্তায় দুটি বাইকে মোট চারজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়।
অভিযোগ, প্রথমে তাঁকে মাথার পিছনে সজোরে আঘাত করা হয়। এর পর ছুরি দিয়ে আঘাত করা হয় হাতে। যার ফলে স্কুটি-সহ ছিটকে পড়েন তিনি। সেই সুযোগে দুষ্কৃতীরা স্কুটি থেকে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোমনাথকে সেখান থেকে উদ্ধার করে এবং পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর চিকিৎসা করা হয়। ঘটনার খবর পেয়ে আসে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সোমনাথের জেঠু অশোক বাউল দাস জানিয়েছেন, প্রতি বছর তাঁদের বাড়িতে হরিনাম সংকীর্তন-এর অনুষ্ঠান করা হয়। যেখানে নরনারায়ণ সেবা করানো হয়। এ বারেও সেইমতো আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের জন্য সেই টাকা আনতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটল। পুলিশ অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করুক।