রানিগঞ্জে তিরাটে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বালি ঘাটে। উত্তেজিত জনতা একাধিক বালি বোঝাই ডাম্পারে আগুন লাগিয়ে দেয় বলে খবর। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ বাহিনী। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার দুপুরে অবিনাশ মুর্মু নামে এক সাইকেল আরোহী রাস্তা পারাপার করছিলেন। সেই সময় বালি বোঝাই একটি ডাম্পার তাঁকে ধাক্কা মেরে চলে যায়। গুরুতর আহত হন অবিনাশ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় রানিগঞ্জে প্রচার করছিলেন অগ্নিমিত্রা পাল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। বালি কারবারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন অগ্নিমিত্রা।
তিনি দাবি করেন, অবৈধ বালি কারবার চলছে এলাকায়। এর জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন তিনি। মৃত ব্যক্তির পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ-সহ একটি চাকরি দেওয়ার দাবি জানান। এর মাঝেই বালি ঘাটে গিয়ে বেশ কয়েকটি বালি বোঝাই ডাম্পারে আগুন লাগিয়ে দেওয়া হয়।